জামালপুরে কৃষকের ধান কাটলেন ধর্ম প্রতিমন্ত্রী
জামালপুরের ইসলামপুর উপজেলার জারুলতলার ধনতলায় কৃষকলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধান কাটেন ধর্ম প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের নেতাকর্মীদের কৃষককে সহযোগিতায় ধান কাটার অংশ হিসেবে ধর্ম প্রতিমন্ত্রীও ধান কেটেছেন।
রোববার সকালে জামালপুরের ইসলামপুর উপজেলায় কৃষকলীগের নেতাকর্মীরা হতদরিদ্র কৃষক মনু সেখ ও কানু সেখের দুই বিঘা জমির পাকা ধান কেটে দেন।
বেলগাছা ইউনিয়নের জারুলতলার ধনতলায় এই ধানকাটা কার্যক্রমে অন্যদের সঙ্গে নিয়ে ধান কাটেন প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ দেশের সংকটকালে শুধু আওয়ামী লীগই জনগণের পাশে থাকে।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি হোসনে আরা, জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মুখলেসুর রহমান জিন্নাহ, উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম শাহ্ ফকির ও সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি হোসনে আরা বলেন, “দেশব্যাপী বোরো ধান কাটা শুরু হয়েছে। অনেক কৃষক অর্থ সংকটে ধান কাটতে পারছেন না। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষক লীগের নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি।”
দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন।
