০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে লঞ্চ ও স্পিডবোট চালু, যাত্রী কম

পদ্মা সেতু উদ্বোধনের পর এ পথে নৌযান চলাচলে স্থবিরতা নেমে আসে। ১০ জুলাই ঈদুল আজাহার পর পদ্মা পারাপারে লঞ্চ, স্পিডবোট ও ফেরি প্রায় পুরোপুরি বন্ধ থাকে।

শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে লঞ্চ ও স্পিডবোট চালু, যাত্রী কম

ফাইল ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 11:37 AM

Updated : 25 Aug 2022, 11:48 AM

দেড় মাস বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের ‍শিমুলিয়া থেকে শরীয়তপুরের মাঝিরকান্দি নৌরুটে লঞ্চ ও স্পিডবোট ফের চালু হয়েছে। তবে ফেরি চলাচল বন্ধ আছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয় বলে বিআইডব্লিউটিএ জানিয়েছে।

যাত্রী সংকট কমানোর জন্য শিমুলিয়া-ঢাকা পথে চলাচলকারী বাস মালিকদের সঙ্গে লঞ্চ আলোচনা হয়েছে বলে জানান বিআইডব্লিউটিএ-এর সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন।

শাহাদাত হোসেন জানান, সকালে ৩০টি লঞ্চ ও ৪০ স্পিডবোট দিয়ে এই নৌপথে সচল রাখা হয়েছে। তবে প্রথম দিন যাত্রীর সংখ্যা খুবই কম। লঞ্চ ও স্পিটবোডগুলো ঘাটে অবস্থান করছে।

“এম ভি ইয়ালিস নামে একটি লঞ্চ ৭ জন যাত্রী নিয়ে প্রথম ১০টা ১০ মিনিটে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায়। আর মাঝিরকান্দির ঘাট থেকে ৮ জন যাত্রী নিয়ে সকাল পৌনে ১০টায় ছেড়ে আসে লঞ্চ এম এল মাসুদ খান।”

তিনি জানান, এর আগে শিমুলিয়া থেকে পদ্মা পার হওয়ার জন্য ৮৭টি লঞ্চ থাকলেও এখন ২৩টি লঞ্চ মালিকরা বিক্রি করে দিয়েছেন। ১৫৫টি স্পিডবোটের মধ্যে কাগজপত্র হালনাগাদ আছে প্রায় ৪০টির।

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এ পথে নৌযান চলাচলে এক রকম স্থবিরতা নেমে আসে। গত ১০ জুলাই ঈদুল আজাহার পর থেকে পদ্মা পারাপারে লঞ্চ, স্পিডবোট ও ফেরি পুরোপুরি বন্ধ বলা যায়। আর নাব্যতা সংকটে ফেরি চলাচল বন্ধ আছে তারও আগে থেকে।

শাহাদাত হোসেন আরও বলেন, “শিমুলিয়া-ঢাকা পথে এখন ২৮টির মতো বাস চলাচল করছে। বাস মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে; দুই পারেই ঘাটকেন্দ্রিক বাস বাড়ানো হচ্ছে। যথাযথ প্রচারণায় যাত্রী বাড়বে বলে আমার বিশ্বাস।”