সাতক্ষীরায় বিএনপি নেতা চাঁদের জামিন নাকচ
রোববার তাকে আদালতে হাজির করা হলে মুখ্য বিচারিক হাকিম মো. জিয়ারুল ইসলাম জামিন আবেদনটি নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাতক্ষীরার একটি আদালতে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের জামিন নাকচ হয়েছে।
রোববার তাকে জেলা জজ আদালতে হাজির করা হলে মুখ্য বিচারিক হাকিম মো. জিয়ারুল ইসলাম আবেদনটি নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান জিকোর দাবি, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ।
এ ঘটনায় সাতক্ষীরায় চাঁদের বিরুদ্ধে মামলা করেন জিকো। সেই মামলায় আজ হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন বিএনপির এ নেতা।
সাতক্ষীরা জজ আদালতের পিপি আব্দুল লতিফ বলেন, “অন্য মামলায় আসামি জেলে থাকায় তার বিরুদ্ধে ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ জারি করা হয়। আজ শুনানি শেষে তার বিরুদ্ধে ‘কাস্টডি ওয়ারেন্ট’ জারি করে জেলহাজতে পাঠানো হয়েছে।”
