সুন্দরবনে জালে জাভা-মেদ মাছ, বিক্রি সোয়া চার লাখে
সাতক্ষীরার মালঞ্চ নদীতে এসব মাছ ধরা পড়ে বলে জানান জেলেরা।
সুন্দরবনের মালঞ্চ নদীতে দুই জেলের জালে ১৩টি জাভা ও ১০টি মেদ মাছ ধরা পড়েছে; যা বিক্রি হয়েছে চার লাখ ২১ হাজার টাকায়।
শনিবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন নীলডুমুর ঘাটে এসব মাছ নিলামে কিনে নেন ব্যবসায়ী আব্দুস সাত্তার।
নীলডুমুর গ্রামের আব্দুল হালিম জানান, জেলে বারিক খাঁ ও শহিদুল ইসলামের জালে মাছগুলো ধরা পড়ে। তাদের ভাগ্য খুলেছে। পরে ঘাটে নিয়ে মাছগুলো চার লাখ ২১ হাজার টাকায় বিক্রি করেন তারা।
উপজেলার গাবুরা ইউনিয়নের পাশ্বেমারি গ্রামের জেলে বারিক খাঁ ও শহিদুল ইসলাম জানিয়েছেন, তারা মালঞ্চ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। শুক্রবার বিকালে নদীতে জাল ফেললে তাতে একঝাঁক মাছ ধরা পড়ে। কলবাড়ি বাজারের মাছ ব্যবসায়ী আব্দুস সাত্তার মাছগুলো কিনে নেন।
আব্দুর সাত্তার জানান, এসব মাছ খেতে অত্যন্ত সুস্বাদু। এ মাছের ফুলকা বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে; ফলে দামও চড়া। মাছের গ্রেড অনুযায়ী প্রতিকেজি ফুলকার মূল্য ২৫ থেকে ৩০ হাজার টাকা।
জাভা মাছের ফুলকা দিয়ে প্রসাধনী ও মূল্যবান ওষুধ তৈরি হয় বলে জানান এ ব্যবসায়ী।
