২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে শিক্ষা কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

লিখিত অভিযোগে বলা হয়, ৪৩ জন শিক্ষকের কাছ থেকে ৩ লাখ টাকা করে মোট ১ কোটি ২৯ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 09:21 PM

Updated : 06 Jul 2023, 09:21 PM

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় এক সহকারী শিক্ষা কর্মকর্তা ও এক কর্মচারীর বিরুদ্ধে কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে।

এ বিষয়ে প্রতিকার চেয়ে গত বুধবার বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর শিক্ষকদের লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানান পরিষদের নিবার্হী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

পার্বত্য শান্তিচুক্তি মোতাবেক প্রাথমিক ও মাধ্যমিক বিভাগ জেলা পরিষদের কাছে হস্তান্তর করায় তারা বিষয়গুলো দেখভাল করেন।

জানা গেছে, জেলার রোয়াংছড়ি উপজেলার জাতীয়করণ হওয়া ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ জন শিক্ষক সম্প্রতি পাঁচ বছরের বকেয়া বেতন বাবদ জনপ্রতি ১৪ লাখ ২৪২ টাকা করে পান।

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন ও অফিস সহকারী মো. ফারুক হোসেন প্রত্যেকের কাছে ৩ লাখ টাকা করে দাবি করেন বলে শিক্ষকদের অভিযোগ।

টাকা না দিলে স্থায়ীকরণসহ ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে সমস্যা হবে বলে তারা ভয়ভীতি দেখান।

শিক্ষকদের অভিযোগ, পরে ৪৩ জন শিক্ষককের প্রত্যেককে ডেকে ৩ লাখ টাকা করে আদায় করেন।  

রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের কোলমাছাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক উথোয়াইনু মারমা বলেন, “ক্লাস নেওয়ার সময় মোবাইল ফোনের রিং টোন বন্ধ ছিল। ক্লাস শেষে দেখি, উপজেলা সহকারী শিক্ষা অফিসারে সাতটা ফোন কল। পরে কথা বলার সময় তিনি জানান- আপনার একাউন্টে ১৪ লাখ টাকা ঢুকেছে। আমাকে ৩ লক্ষ টাকা দিতে হবে। এটি নিজের স্ত্রীকে পর্যন্ত বলা যাবে না; বললে চাকরি থাকবে না।”

তিনি আরও বলেন, “টাকা দিতে একদিন দেরি হওয়ায় এর মধ্যে বেশ কয়েকবার ফোন দিয়েছেন উনি। পরে অফিসে গিয়ে সরাসরি ৩ লক্ষ টাকা দিতে হয়েছে।”

উপজেলার পুনর্বাসন স্কুলের মেবু মারমা বলেন, “মে মাসে একটা ট্রেনিংয়ে ছিলাম। একজন শিক্ষক আমাদের ফোন দিয়ে বলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তার অফিসে গিয়ে ৩ লক্ষ টাকা দিতে হবে। না দেওয়া হলে, চাকরি সমস্যা হবে। এখনও চাকরি স্থায়ীকরণ হয়নি। পরে দুইটা স্কুলের আটজন শিক্ষক শিক্ষা অফিসে গিয়ে ২৪ লক্ষ টাকা দিয়ে আসছি।”

টাকা দেওয়ার কথা জানান একই স্কুলের আরেক শিক্ষক খিনতি ত্রিপুরাও।

তিনি বলেন, তাকেও সহকারী শিক্ষা অফিসার অফিসে ডেকে নিয়ে টাকার কথা বলেছেন। কাউকে জানালে চাকরির সমস্যা হওয়ার কথা বলা হয়। পরে ব্যাংকের রোয়াংছড়ি শাখা থেকে টাকা তুলে ৩ লাখ টাকা দিতে হয়েছে।

মাংস্মুই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মংবাসিং মারমা বলেন, “গত ৮ মে আমাদের তিনজনকে ডাকছিল। ডেকে সরাসরি বলে, ৩ লক্ষ টাকা করে দিতে হবে। টাকা না দিলে চাকরি স্থায়ী হবে না। পরে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক মো. ফারুক হোসেনের হাতে আমাদের দুজনের মোট ৬ লক্ষ টাকা দেওয়া হয়।”

লাপাইংগইং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কর্মমনি ত্রিপুরা বলেন, “একসঙ্গে আমাদের আটজন শিক্ষককে ডেকে বলা হয়, চাকরি এখনও নড়বড়ে; স্থায়ীকরণ হয়নি। বিভিন্ন জায়গায় ম্যানেজ করতে অনেক টাকা খরচ হয়েছে। দুইটা স্কুলের আটজন শিক্ষক শিক্ষা অফিসে এক অফিস সহকারীর কাছে ২৪ লক্ষ টাকা দিয়েছি।”

তিনি আরও বলেন, “পরে জানলাম, আমাদের শিক্ষকদের কেউ সরাসরি সহকারী শিক্ষা অফিসার, কেউ কেউ অফিস সহকারী ফারুকের হাতে নগদে এবং চেকের মাধ্যমে টাকা জমা দিয়েছেন। কয়েকজন যারা টাকা দেননি তাদেরও ফোন করে টাকা দিতে বলা হয়।”

এ বিষয়ে প্রতিকার চেয়ে জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর শিক্ষকদের লিখিত অভিযোগে বলা হয়, ৫৫ জন শিক্ষকের মধ্যে ৪৩ জনের কাছ থেকে ৩ লক্ষ টাকা করে ১ কোটি ২৯ লক্ষ টাকা আদায় করে নেওয়া হয়েছে। শিক্ষকদের বিভিন্ন অনলাইন তথ্য হালনাগাদের কথা বলে অফিস সহকারী ফারুক ৫০০ টাকা করে নিয়ে থাকেন। শিক্ষকদের বিভিন্ন ধরনের ব্যাংক ঋণ, চাকরি স্থায়ীকরণ, শ্রান্তি ও চিত্ত বিনোদন ভাতা বিল এবং সব জাতীয় দিবস পালনের বরাদ্দকৃত সরকারি বাজেট থেকে দুই-তৃতীয়াংশ টাকাও আত্মসাৎ করে থাকেন।’’

জেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ পাওয়ার পর জেলা পরিষদের চেয়ারম্যানের নির্দেশে বৃহস্পতিবার সকালে জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ভুক্তভোগী শিক্ষকদের সাথে আলোচনায় বসা হয়। টাকা লেনদেনের তথ্য-প্রমাণাদিসহ অন্যান্য তথ্য আগামী তিন কার্যদিবসের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যানের বরাবরে দাখিল করতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সরকারি আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে কথা বলতে রোয়াংছড়ি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কামাল হোসেনের ফোনে একাধিকবার চেষ্টা করা হলে তার ব্যবহৃত নম্বর বন্ধ পাওয়া যায়।

তবে নাম প্রকাশ না করার শর্তে রোয়াংছড়ি উপজেলা শিক্ষা অফিসের এক কর্মচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সহকারী শিক্ষা অফিসার কামাল হোসেন ঈদের আগেই ঢাকায় চলে যান। ৩ জুলাই কর্মস্থলে আসার কথা ছিল তার। কিন্তু বৃহস্পতিবার উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর ছুটির আবেদন পাঠান। সেখানে তিনি উল্লেখ করেছেন, হার্টের সমস্যার কারণে চিকিৎসক তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। যে কারণে ৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ছুটির আবেদন করেন উনি। এর বাইরে আমি জানি না।’’

এসব বিষয়ে জানতে উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকারিয়া হায়দারকে একাধিবার ফোন করা হয়। কিন্তু ফোন কল রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুলাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা পরিষদের সভাকক্ষে বৃহস্পতিবার ভুক্তভোগী শিক্ষকদের নিয়ে শুনানি হয়েছে। তবে সেখানে সবাই টাকা লেনদেনের তথ্য উপস্থাপন করতে পারেননি। তারা সব তথ্য  জমা দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”