বান্দরবানে রাতের আঁধারে ৩ নির্মাণ শ্রমিক অপহরণ
পুলিশ সুপার বলেন, “যাদের অপহরণ করা হয়েছে তাদের কাছে মোবাইল ফোন রয়েছে। সেই নাম্বার ট্র্যাকিং করে অপহরণকারীদের অবস্থান জানার চেষ্টা হচ্ছে।”
বান্দরবানের সদর উপজেলায় সেতু নির্মাণ কাজের সঙ্গে যুক্ত তিন শ্রমিককে অপহরণের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার বান্দরবান-রাঙ্গামাটি সড়কের ডাকবাংলা এলাকায় সড়কের পাশে রাবার বাগান সংলগ্ন অস্থায়ী ছাউনি থেকে শ্রমিকদের অপহরণ করা হলেও শনিবার সেটি জানাজানি হয়।
উপজেলার কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা জানান, অপহৃতরা হলেন- কক্সবাজার চকরিয়া উপজেলার খুঁটাখালী এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে মো. রবিউল ইসলাম (২০) এবং একই এলাকার বাসিন্দা মো. ইসমাইল হোসেন (২১)। অপরজন কক্সবাজার টেকনাফ এলাকার বাসিন্দা ইমাম হোসেন (২০)।
শনিবার বিকালে বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এমন একটা বিষয় শুনেছি। শোনার পর পরই পুলিশ এ ব্যাপারে তৎপর হয়ে খোঁজ-খবর নেওয়া শুরু করে। যাদের অপহরণ করা হয়েছে তাদের কাছে মোবাইল ফোন রয়েছে। সেই নাম্বার ট্র্যাকিং করে অপহরণকারীদের অবস্থান জানার চেষ্টা হচ্ছে।
“লোকমুখে শুনেছি ইসমাইল হোসেন নামে একজন ফিরে এসেছেন। তবে এটা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি”, যোগ করেন পুলিশ সুপার।
সেতু নির্মাণ কাজের শ্রমিকদের বরাত দিয়ে ঠিকাদার নিজাম মিশু সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নির্মাধীন সেতুর পাশের অস্থায়ী ছাউনি থেকে অজ্ঞাত সন্ত্রাসীরা তিন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার পর থেকে অপহৃত শ্রমিকদের এখনও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা সাংবাদিকদের বলেন, “সেতু নির্মাণ কাজে মোট ১৪ জন শ্রমিক নিয়োজিত ছিল। বৃহস্পতিবার রাতে তিনজন শ্রমিককে বা কারা অপহরণ করে নিয়ে যায়।
“শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপহরণের ঘটনার পর সড়কের পাশে অস্থায়ী ছাউনি ছেড়ে তারা আপাতত পাশের একটি পাড়ায় উঠেছেন।”
এ ব্যাপারে জানতে চাইলে বান্দরবান সদর থানার পরিদর্শক মির্জা জহির উদ্দিন বলেন, “এ বিষয়ে এখনও থানায় কেউ অভিযোগ করেনি।”
