২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

“এ সড়ক দিয়ে কোনো রিকশা যাত্রী নিয়ে যেতে চায় না। স্কুল-কলেজে আসতে গিয়ে শিক্ষার্থীদের পোশাক নষ্ট হয়ে যায়।”

সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

ঝালকাঠি পৌর এলাকার কাঠপট্টি সড়কের এই দশা, সেজন্যই এলাকাবাসীর প্রতিবাদ।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2023, 09:59 PM

Updated : 12 Jul 2023, 10:13 PM

দীর্ঘ দিনের ভাঙা এক সড়ক মেরামতের দাবিতে কচুগাছ লাগিয়ে করে প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা।

বুধবার বেলা ১১টায় ঝালকাঠি পৌর এলাকার কাঠপট্টি (কাঁঠাল তলা) সড়কে স্থানীয়রা প্রায় অর্ধশত কচুগাছ রোপণ করেন। 

প্রতিবাদকারীদের মধ্যে মাহাবুব আলম সৈকত বলেন, ঝালকাঠি প্রথম শ্রেণির পৌরসভা। অথচ তিন বছর ধরে এ সড়ক বেহাল পড়ে আছে।

“এখন বর্ষায় রাস্তায় পানি জমে থাকে। রাস্তার পাশে ড্রেন না থাকায় পানি উপচে আশপাশের ঘরে উঠে যায়। চরম দুর্বিষহ পরিস্থিতে রয়েছে রাস্তার দুই ধারের শত শত পরিবার।”

কচুগাছ লাগানো কর্মসূচিতে অংশ নেওয়া কালাম নামের আরেক যুবক বলেন, পৌর এলাকার সিটি পার্ক থেকে কাঠপট্টি ট্রলারঘাট পর্যন্ত দেড় কিলোমিটার সড়কেরই এমন অবস্থা। এর মধ্যে বান্ধাঘাটার মোড় থেকে বাঁশপট্টির মোড় পর্যন্ত সড়কে অসংখ্য খানাখন্দ।

“আশপাশে নতুন নতুন ভবন নির্মাণের ফলে রাস্তা যেমন বেহাল হয়েছে, তেমনি পানি নিষ্কাশনের পথও বন্ধ হয়ে গেছে। এ সড়ক দিয়ে কোনো রিকশা যাত্রী নিয়ে যেতে চায় না। স্কুল-কলেজে আসতে গিয়ে শিক্ষার্থীদের পোশাক নষ্ট হয়ে যায়।”

এলাকাবাসীর দাবি নিয়ে প্রশ্ন করলে ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার বলেন, “উপকূলীয় অঞ্চলের প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার অনুমোদন হয়েছে। অচিরেই এটি সহ আরো সাতটি সড়ক মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হবে।”