১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠি কারাগারে অসুস্থ, হাসপাতালে মৃত্যু নারী হাজতির

মাদক মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি ঝালকাঠি জেলা কারাগারে বন্দি ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Oct 2026, 01:41 PM

Updated : 13 Oct 2026, 01:49 PM

ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারী হাজতির মৃত্যু হয়েছে।

জেলা কারাগারের সুপার মোহাম্মদ বিকাশ রায়হান জানান, সোমবার রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়েন কাজল রেখা।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ৩৫ বছর বয়সী কাজল রেখা ঝালকাঠির নলছিটি উপজেলার ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী।

জেলা কারাগারের প্রধান কর্মকর্তা বিকাশ রায়হান বলেন, গত ১৮ সেপ্টেম্বর নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০টি ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ওই ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা হয়। গ্রেপ্তারের পর থেকে কাজল রেখা ঝালকাঠি জেলা কারাগারে বন্দি ছিলেন বলে জানান তিনি।