০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বাগেরহাট জেলা কারাগারে নাশতা খাওয়ার সময় হাজতির মৃত্যু

ছয় দিন আগে নাশকতা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছিল চাঁনমিঞা ফকিরকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 02:33 PM

Updated : 02 Oct 2026, 02:33 PM

বাগেরহাট জেলা কারাগারে সকালের নাশতা খাওয়ার সময় অসুস্থ হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান কারাগারের জেল সুপার মোস্তফা কামাল।

হাজতি চাঁনমিঞা ফকির (৫০) মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের হেলাল উদ্দীন ফকিরের ছেলে। ২৬ সেপ্টেম্বর মোরেলগঞ্জ থানায় করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

জেল সুপার বলেন, সকালে চাঁনমিঞা তার ওয়ার্ডে বসে নাশতা খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারারক্ষীরা তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, মর্গে চাঁনমিঞার ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।