২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিলমারী-রৌমারী ছুটবে ফেরি, বাঁচবে সময়-অর্থ

এতে শুধু রৌমারী ও রাজিবপুর নয়, কুড়িগ্রাম, রংপুর ও লালমনিরহাট জেলার মানুষের ঢাকার সঙ্গে যোগাযোগ অনেক সহজ হবে।

চিলমারী-রৌমারী ছুটবে ফেরি, বাঁচবে সময়-অর্থ

আরিচা ঘাট থেকে ফেরি ‘কুঞ্জলতা’ রমনা ঘাটে পৌঁছেছে; এটি চিলমারী নদীবন্দরে সংযুক্ত করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2024, 01:58 PM

Updated : 10 Jan 2024, 01:58 PM

দীর্ঘ প্রতীক্ষার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে শুরু হচ্ছে ফেরি চলাচল। ফেরি চালু হওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উত্তর জনপদের বাসিন্দারা। এতে বাঁচবে সময় ও অর্থ।

আগামী ২০ সেপ্টেম্বর নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ফেরি চলাচল উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটি।

ফেরি চালুর আগে সংযোগ সড়ক নির্মাণ ও পন্টুনসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে বিআইডব্লিউটিয়ের উপ-পরিচালক মাহফুজ আলম সজল জানান।

এদিকে শুক্রবার সন্ধ্যায় আরিচা ঘাট থেকে ফেরি ‘কুঞ্জলতা’ রমনা ঘাটে পৌঁছেছে; এটি চিলমারী নদীবন্দরে সংযুক্ত করা হয়েছে বলে তিনি জানান।

জানা গেছে, রৌমারী-রাজীবপুর উপজেলার মানুষের দুঃখ ‘ব্রহ্মপুত্র নদ’। জনপদটির কয়েক লাখ বাসিন্দাকে জেলা শহরে যাতায়াতে একমাত্র নৌকার উপর ভরসা করতে হয়। বর্ষা মৌসুমে এ পথে ঝুঁকি বেড়ে যায়।

অন্যদিকে শুষ্ক মৌসুমে চরাঞ্চলে আটকে যায় নৌকা। ফলে দুর্ভোগের সীমা থাকে না বাসিন্দাদের। সেইসঙ্গে বাড়তি ভাড়া আর সিডউল বিপর্যয় তো আছেই। ফেরি চলাচল শুরু হলে দুর্ভোগ লাঘবের পাশাপাশি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে বলে প্রত্যাশা সবার।

এতে শুধু রৌমারী ও রাজিবপুর নয়, কুড়িগ্রাম, রংপুর ও লালমনিরহাট জেলার মানুষের ঢাকার সঙ্গে যোগাযোগ অনেক সহজ হবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্ষা মৌসুমে ফেরি চলাচল করতে পারলেও শুষ্ক মৌসুমে নদীতে নাব্য সংকটের কারণে চলাচলে বিঘ্ন ঘটতে পারে। এ জন্য এখন থেকে ফেরি চলাচলে রোডম্যাপ তৈরি করতে হবে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএয়ের উপ-পরিচালক সজল বলেন, উদ্বোধনের পর আরও একটি ফেরি রৌমারী ঘাটে যুক্ত করা হবে। নিয়মিত দুটি ফেরি এ পথে চলাচল করবে।

এ ছাড়া নাব্য সংকট দূর করতে চিলমারী ও রৌমারী ঘাটে দুটি ড্রেজার রাখা হবে; ফেরি চলাচল নির্বিঘ্ন করতে ড্রেজার দুটি সার্বক্ষণিক কাজ করবে বলেও তিনি জানান।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]