রাজশাহীতে এমপির বক্তব্যের সময় ভেঙে পড়ল মঞ্চ
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মোহনপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
রাজশাহীর মোহনপুর উপজেলায় আওয়ামী লীগের সভা চলাকালে মঞ্চ ভেঙে পড়েছে। এ সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বুধবার বিকালে মোহনপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। কয়েকশ মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা এতে অংশ নেন।
শোভাযাত্রা শেষে সবাই মোহনপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জড়ো হয়। সেখানে আলোচনা সভা উপলক্ষে মাঠে কাঠ ও বাঁশ দিয়ে একটি ছোট মঞ্চ তৈরি করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। তিনি বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে। এতে মঞ্চে থাকা সংসদ সদস্যসহ নেতাকর্মীরা পড়ে যান। পেছনে থাকা কর্মসূচির ব্যানারও পড়ে যায়।
তবে এতে কেউ আহত হননি। মুহূর্তেই আবার দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করেন সংসদ সদস্য আয়েন উদ্দিন।
এদিকে, মঞ্চ ভাঙার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৫৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীদের উদ্দেশে সংসদ সদস্য আয়েন উদ্দিন বক্তব্য দিচ্ছেন। এ সময় বাঁশ দিয়ে পেছনে টানানো ব্যানারটি হেলে পড়ে যায়। সঙ্গে সঙ্গে মঞ্চও ভেঙে পড়ে। এতে পড়ে যান সংসদ সদস্যসহ মঞ্চে থাকা নেতাকর্মীরা। মঞ্চ ভাঙার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন।
মঞ্চে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ।
যোগাযোগ করা হলে সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, “মাটি থেকে আধা হাত উপরে এ মঞ্চ নির্মাণ করা হয়েছিল। বেশি নেতাকর্মী উঠে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। তবে মঞ্চ ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই আবার আমি দাঁড়িয়ে বক্তব্য শেষ করেছি।”
