কৃষি ও পরিবেশ রক্ষার আহ্বান শিক্ষামন্ত্রীর
প্রচলিত ইটভাটাগুলো ইকো ব্লকস-এর মতো কারখানায় পরিণত হবে, তখন পরিবেশ দূষণ কমে যাবে, বলেন দীপু মনি।
‘গবেষণায় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে’ মন্তব্য করে আরও বেশি করে কৃষি ও পরিবেশ রক্ষায় মন দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শুক্রবার চাঁদপুরে এক অনুষ্ঠানে দীপু মনি বলেন, “আমাদের দেশে লোক প্রতিদিন বাড়ছে, কৃষি জমি কমছে। শেখ হাসিনার কারণে আমাদের কৃষি জমির উপর এত গবেষণা হয়েছে এবং হচ্ছে।
“যে জমিতে আগে এক ফসল হয়েছে, এখন তিন ফসল হয়। আবার যে জমিতে ফসল হয়নি এখন হচ্ছে এবং আগের তুলনায় বহুগুণ ফসল উৎপাদন হয়। আর এসব সম্ভব হয়েছে গবেষণার কারণে।
“বঙ্গবন্ধুকন্যা সে গবেষণার মাধ্যমে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। কাজেই আমাদেরকে আরও বেশি করে কৃষি এবং পরিবেশ রক্ষার দিকে মন দিতে হবে।”
সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার শাহতলীতে ‘প্রিমিয়াম ইকো ব্লকস লিমিটেড’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মন্ত্রী ইট উৎপাদনে পরিবেশ রক্ষায় বিকল্প উপায়ের প্রয়োজনীয়তার কথা বলেন।
তিনি বলেন, “আমাদের উন্নয়নের সাথে অবকাঠামগত উন্নয়ন দরকার হবে। আমাদের ইট দরকার হবে। ইটের ক্ষেত্রে খুব ভালো পরিবেশে বিকল্প যদি আমাদের থাকে, যেটা তৈরি করতে আমাদের কৃষি জমি নষ্ট হয় না, তাহলে কেন আমরা সেটি গ্রহণ করব না।”
এটি গ্রহণ করাই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত উল্লেখ করে তিনি বলেন, “আমরা কেউই নিজেদের ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। আমরা সবাই মিলে সচেনতন হব, সঠিক কাজটি করব। কারণ ইকো ব্লকস ব্যয় সাশ্রয়ী।”
দেশের প্রচলিত ইটভাটাগুলো পরিবর্তিত হয়ে ইকো ব্লকস এর মতো কারখানায় পরিণত হবে, তখন পরিবেশ দূষণের হার অনেক কমে যাবে বলে তিনি মনে করেন।
জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা স্মার্ট বাংলাদেশের পথ দেখাচ্ছেন এবং এর জন্য সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।
নির্বাচনী এলাকার জনগণ বিগত তিনবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “আমি আপনাদের জন্য কাজ করবার চেষ্টা করছি। আশা করি, আগামীতেও আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ করে দেবেন।”
প্রিমিয়াম ইকো ব্লকস লিমিটেডের চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এমআর ইসলাম বাবু।
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি কাজী শাহাদাত, ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকিরসহ সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
