ঝড়ে গাছ পড়ে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত, আহত স্ত্রী
এ নিয়ে ১১ জেলায় মোট ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ঝড়ের সময় ঘরের উপর গাছ পড়ে এক যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন তার স্ত্রী।
সোমবার রাত ১২টায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম জানান।
নিহত জয়নাল আবেদীন ভূঁইয়া (২৬) গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।
ইউএনও বলেন, রাতে ঝড়ের সময় জয়নাল ও তার স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি গাছ ভেঙে ঘরের উপর পড়ে। এতে গাছ চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার স্ত্রী নিপা আক্তার আহত হন।
তিনি আরও বলেন, ঝড়ে উপজেলায় বেশ কিছু ঘরবাড়ি,গাছপালা,কৃষিজমির ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।
এ নিয়ে ঘূর্ণিঝড় সিত্রাং এর তাণ্ডবের মধ্যে ১১ জেলায় মোট ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ব্রাহ্মণবাড়িয়া ছাড়া ভোলায় চারজন, কুমিল্লায় তিনজন, গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে দুজন করে এবং বরগুনা, পটুয়াখালী, নড়াইল, শরীয়তপুর, চট্টগ্রাম ও ঢাকায় একজন করে মারা গেছেন।
