ঝিনাইদহে শিশু হত্যায় যুবকের প্রাণদণ্ড
একইসঙ্গে দোষীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় সাত বছর বয়সী শিশুকে শ্বাসরোধে হত্যার দায়ে এক যুবকের প্রাণদণ্ড হয়েছে।
রোববার ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আব্দুল মতিন রায় ঘোষণা করেন বলে এপিপি অজিত কুমার জানান।
একইসঙ্গে দোষীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ৩৫ বছর বয়সী আসাদুল ইসলাম উপজেলার কাপাশহাটিয়া গ্রামের বাসিন্দা।
মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অজিত কুমার জানান, ২০১৩ সালের ১২ জুলাই কাপাশহাটিয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে আসাদ হোসেন বাড়ির পাশের বাগানে খেলতে যায়। এরপর আর সে বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার ৬ দিন পর গ্রামের পাটক্ষেতে তার অর্ধ-গলিত লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে ৫ জনকে আসামি করে হরিণাকুন্ডু থানায় মামলা করলে পুলিশ আসাদুল ইসলামকে গ্রেপ্তার করে।
এপিপি আরও জানান, আসাদুল শিশুটিকে বলৎকারের উদ্দেশ্যে পাট ক্ষেতে নিয়ে শ্বাসরোধে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দেন। তদন্ত কর্মকর্তা নিরব হোসেন ২০১৪ সালের ১৭ জানুয়ারি আসাদুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
