সহোদরকে হত্যায় ২ ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড
নিহতের দুই ভাইকে আমৃত্যু এবং আরও পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
গাজীপুরের একটি খুনের মামলায় নিহতের দুই সহোদরের আমৃত্যু এবং আরও পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
ঘটনার ২৯ বছর পর সোমবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক বাহাউদ্দিন কাজী এ রায় ঘোষণা করেন।
এ ছাড়া রায়ে এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
১৯৯৩ সালের ১৫ সেপ্টেম্বর গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকার ধনাই বেপারীর ছেলে সুলতান উদ্দিন (৫৫) খুন হন।
আমৃত্যু দণ্ডিতরা হলেন নিহত সুলতানের দুই সহোদর মো. মাইন উদ্দিন (৬৫) ও আবুল কাসেম বেপারী (৬০)। তাদের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন শ্রীপুর উপজেলার বেড়াইদের চালার আব্দুল কাদিরের ছেলে দুলাল উদ্দিন (৫০), ধনাই বেপারীর ছেলে আ. মান্নান (৫৫), বেলতলীর সোনা উল্লাহর ছেলে মাইন উদ্দিন (৬০), শুক্কুর আলীর ছেলে মো. আজিজুল হক (৬০) এবং চান্দে আলীর ছেলে সিরাজউদ্দিন সিরু (৫৫)।
বেকসুর খালাস পেয়েছেন একই এলাকার মো. গিয়াস উদ্দিন (৬০)।
নিহতের ছেলে ও বাদীপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাহাদুর জানান, জমি-জমা নিয়ে তার বাবা (সুলতান) ও আসামিদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। ১৯৯৩ সালের ১৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে সুলতান উদ্দিন, তার ভাই মোতাহার হোসেন ও প্রতিবেশী মুজিবুর রহমান সুলতানের বসতবাড়ির একটি ঘরে বসে পারিবারিক বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করছিলেন।
পরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় আস্ত্রসহ দণ্ডিতরা আরও কয়েকজনকে নিয়ে ওই ঘরের খোলা দরজা দিয়ে ভেতরে ঢোকেন। এক পর্যায়ে সুলতান উদ্দিনকে ধরে বুকে ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রে কুপিয়ে ও গুলি করে ঘটনাস্থলেই হত্যা করেন।
এ সময় সুলতাদের চিৎকার শুনে তার দুই ছেলে মোবারক হোসেন ও আবুল কালাম আজাদ বাবাকে রক্ষা করতে গেলে তাদেরও ধারালো অস্ত্রে কুপিয়ে জখম করেন হামলাকারীরা। পরে তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে গুলি করতে করতে আসামিরা পালিয়ে যান।
পরদিন সুলতানের ভাই মো. মোতাহার হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।
বিবাদীপক্ষের আইনজীবী ছিলেন মো. সুলতান উদ্দিন ও আব্দুর রশিদ।
নিহতের ছেলে আইনজীবী মোস্তাফিজুর রহমান বাহাদুর আরও জানান, হত্যাকাণ্ডের ১৫ দিন আগেও আসামিদের কয়েকজন তার বাবাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিলেন। তখন (ওই বছরের ৩১ অগাস্ট) শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এর ১৫ দিন পরই তার বাবা খুন হন।
