২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ৩ হাসপাতালে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

অপারেশন থিয়েটারে কাঠের ফার্নিচার থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অ্যাপোলো হাসপাতালকে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2024, 06:48 PM

Updated : 29 Feb 2024, 07:22 PM

জামালপুরে তিনটি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা এবং একটি হাসপাতালের অপারেশন থিয়েটার ও একটি প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, ভোক্তা অধিকার ও র‌্যাব এ যৌথ অভিযান চালায়।

শহরের দেওয়ানপাড়ায় জামালপুর অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা, শহরের নয়াপাড়ায় মা নার্সিং হোম অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা ও অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।

এছাড়া শহরের শফি মিয়ার বাজার এলাকায় ইউনাইটেড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা ও প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক মো. আরিফুর রহমান বলেন, জামালপুর অ্যাপোলো হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তারের অনুপস্থিতি, লাইসেন্স নবায়ন না থাকা ও অপারেশন থিয়েটারে কাঠের ফার্নিচার থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মা নার্সিং হোম অ্যান্ড হাসপাতালে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, জরুরি বিভাগে ডাক্তারের অনুপস্থিতি ও লাইসেন্স নবায়ন না থাকার কারণে।

এছাড়া অপারেশন থিয়েটারে একাধিক সমস্যা থাকায় সেটি সিলগালা করা হয়েছে বলে আরিফুর রহমান জানান।

ভোক্তা অধিকারের এ কর্মকর্তা বলেন, ইউনাইটেড জেনারেল হাসপাতালে বিভিন্ন অনিয়মে প্যাথলজি ল্যাব সিলগালা ও ওটি বন্ধ করা হয়েছে। এছাড়া এ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে জামালপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার উপস্থিত ছিলেন।