ভোলার ক্ষমতাসীন দলের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা
বাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী আবু নোমান হাওলাদারের পক্ষের সমর্থক।
ভোলার লালমোহন উপজেলার ছাত্র, যুব ও শ্রমিক লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন তজুমদ্দিন উপজেলার দক্ষিণ শম্ভুপুর তছির মিয়ার বাড়ির বাসিন্দা মো. রাসেল।
শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য লালমোহন থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে জানান আদালতের বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাঁকন।
বাদী রাসেল আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী আবু নোমান হাওলাদারের পক্ষের সমর্থক।
প্রকৌশলী আবু নোমান হাওলাদার বিবিএস এবং নাহী গ্রুপের চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য।
মামলার আসামিরা হলেন- লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রায়হান মাসুম, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাকির পঞ্চায়েত, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতুর্জা সজিব পঞ্চায়েত, উপজেলার ফরাশগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সাকিল মোল্লা, পৌর যুবলীগের আব্দুল করিম রনি, মিরাজউদ্দিন পারভেজ, জাহিদ হোসেন ছোটন, মো. মনিরুল ইসলাম, আমিনুল ইসলাম, তৈয়বুর রহমান, আরিফ তুষার, জাহাঙ্গীর আলম ও রাসেল রায়হান।
মামলার বরাত দিয়ে বেঞ্চ সহকারী নুরুল ইসলাম কাঁকন বলেন, আসামিরা গত ১ ও ৪ জুলাই পরষ্পর যোগসাজসে ফেইসবুকে আওয়ামী লীগ নেতা প্রকৌশলী আবু নোমান হাওলাদারের বিরুদ্ধে পোস্ট দিয়েছেন। এতে তাকে হেয়-প্রতিপন্ন করা হয়েছে এবং মিথ্যা, মনগড়া, মানহানিকর, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ ও বানোয়াট তথ্য পরিবেশন করা হয়েছে।
এ কারণে ক্ষুব্ধ হয়ে বাদী আইনের আশ্রয় নিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
