২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোবাসায় সিক্ত হয়ে ঘরে ফিরলেন সাফজয়ী ফুটবলাররা

ময়মনসিংহ, সিরাজগঞ্জ, মাগুরা ও রংপুরে কৃতি নারী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়। 

ভালোবাসায় সিক্ত হয়ে ঘরে ফিরলেন সাফজয়ী ফুটবলাররা

ময়মনসিংহে আট নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2022, 10:57 PM

Updated : 29 Sep 2022, 11:33 PM

জন্মভূমির মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ঘরে ফিরেছেন সাফজীয় নারী ফুটবল দলের সদস্যরা।

বৃহস্পতিবার ময়মনসিংহ, সিরাজগঞ্জ, মাগুরা ও রংপুরে ১২ কৃতি নারী ফুটবলারকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।  

এরা হলেন ময়মনসিংহের সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, শাছুন্নাহার সিনিয়র, শামছুন্নাহার জুনিয়র, শিউলি আজিম, তহুরা খাতুন, সাজেদা আক্তার, মার্জিয়া আক্তার; সিরাজগঞ্জের আঁখি খাতুন, মাগুরার সাথী ও ইতি এবং রংপুরের সিরাত জাহান স্বপ্না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে চার জেলায় তাদের সংবর্ধনার চিত্র উঠে আসে।

Image

সিরাজগঞ্জের শাহজাদপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন আঁখি খাতুন।

ময়মনসিংহ

বেলা ৩টায় ময়মনসিংহ নগরীর জয়নুল উদ‍্যানের বৈশাখী মঞ্চে এক অনুষ্ঠানে সানজিদা আক্তারসহ আট নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়।

বিভাগীয় কমিশার মো. শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগ সভাপতি জহিরুল হক খোকা, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম, ফুটবল টিমের ম্যানেজার মালা রানী সরকার।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের চুরখাই থেকে ছাদ খোলা পিকআপে করে ময়মনসিংহে প্রবেশ করেন ফুটবলকন‍্যারা। শহর প্রদক্ষিণ শেষে জেলা সার্কিট হাউজে আসেন। সেখান থেকে ঘোড়ার গাড়িতে করে নগরীর জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে সংবর্ধনা অনুষ্ঠানে নেওয়া হয়।

সিরাজগঞ্জ

নিজ জন্মভূমি সিরাজগঞ্জের শাহজাদপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন সাফজয়ী নারী ফুটবলার আঁখি খাতুন।

বৃহস্পতিবার দুপুরে আঁখি ঢাকা থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে পৌঁছলে শাহজাদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।

Image

ছাদ খোলা গাড়িতে আঁখিকে নিয়ে বিশাল গাড়িবহর শাহজাদপুরের উদ্দেশে যাত্রা শুরু করে।

এরপর ছাদ খোলা গাড়িতে আঁখিকে নিয়ে বিশাল গাড়িবহর যাত্রা শুরু করে। গাড়িবহর শাহজাদপুর উপজেলা চত্বরে পৌঁছালে সেখানে স্থানীয় সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আবার তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এরপর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনায় তাকে ক্রেস্ট প্রদান ও মিষ্টিমুখ করানো হয়।

এ সময় আঁখির বাবা, আঁখির স্থানীয় কোচ, স্থানীর খেলোয়াড়সহ নানা শ্রেণি-পেশার মানুষ ছিলেন।

Image

মাগুরায় সাথী ও ইতিকে বরণ করেছেন এলাকাবাসী।

মাগুরা 

সাফ ফুটবল জয়ী মাগুরার দুই নারী ফুটবলার সাথী ও ইতিকে বরণ করেছেন এলাকাবাসী।

দুপুরে এ দুই কৃতি ফুটবলার শ্রীপুর উপজেলার গোয়ালদাহ গ্রামে পৌঁছালে গোয়ালদাহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসী তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

এ সময় ওই এলাকা গোয়ালদাহ স্কুলের শিক্ষার্থী ও গ্রামবাসীদের মিলনমেলায় পরিণত হয়। এতদিন পর তারা সাথী ও ইতিকে পেয়ে মনের উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

রংপুর

বেলা পৌনে ১১টায় সিরাত জাহান স্বপ্নাকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে লাল গালিচায় ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করা হয়।

ওই সময় সেখানে রংপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসিমা জামান ববি ফুলের মালায় তাকে বরণ করে নেন।

বিমানবন্দরের বাইরে প্রস্তুত ছিল ছাদখোলা মাইক্রোবাস, যেটি তাকে নিয়ে রংপুরের উদ্দেশে রওয়ানা হয় গাড়িবহরসহ।

রংপুর পৌঁছানোর পর দুপুর ১২টায় নগরীর ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি মাঠে স্বপ্নাকে বরণ করে নেওয়া হয় বর্ণাঢ্য সংবর্ধনায়।

সেখানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

Image

সাফ জয়ী নারী ফুটবলার স্বপ্নাকে বর্ণিল আয়োজনে বরণ করে নেয় রংপুরবাসী

অনুষ্ঠানে ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ডিআইজি আবদুল আলীম মাহমুদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার নূরে আলম মিনা, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি, ইউএনও নূর নাহার বেগমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

পাবলিক লাইব্রেরি মাঠে সংবর্ধনা শেষে সিরাত জাহান স্বপ্না রওয়ানা হন তার জন্মভিটা রংপুর সদর উপজেলার সদ্যপুস্কনির পালিচড়ার জয়রাম গ্রামে। পথে পথে তাকে দেওয়া হয় সংবর্ধনা। নিজ গ্রামেও স্বপ্নাকে লালগালিচায় বরণ করে নেয় গ্রামবাসী।

বিকালে নয়াপুকুরে নারী ফুটবলারদের জন্য নির্মিত শেখ রাসেল স্টেডিয়ামে স্বপ্নার সম্মানে অনুষ্ঠিত হয় প্রীতি ম্যাচ। ম্যাচে অংশ নেন সদ্যপুস্কনী যুব স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা।

আরও পড়ুন:

পুরনো খবর:

বর্ণাঢ্য আয়োজনে সাফজয়ী স্বপ্নাকে বরণ করল রংপুর