কুমিল্লায় গাড়িচাপায় প্রাণ গেল বাবার, ‘গুরুতর’ আহত ছেলে
গাড়ির ধাক্কায় পিতা-পুত্রকে বহনকারী মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।
কুমিল্লার বুড়িচংয়ে অজ্ঞাত একটি গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন; ‘গুরুতর’ আহত হয়েছেন তার ছেলে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোরপাই এলাকায় সোমবার বিকালে এই দুর্ঘটনা ঘটে বলে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানিয়েছেন।
নিহত জাহাঙ্গীর আলম মজুমদার (৬০) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরি চাষাপাড়ার বাসিন্দা।
তার ছেলে আহত আবদুল আওয়াল জনিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দুমড়েমুচড়ে যাওয়া মোটরবাইকের পাশে মরদেহ পড়ে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”
তাদের চাপা দেওয়া গাড়িটি শনাক্ত করতে হাইওয়ে পুলিশ চেষ্টা করছে বলে তিনি জানান।
