২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু

ওই শিক্ষার্থী রূপগঞ্জের মুড়াপাড়া এলাকার সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল৷

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2023, 06:07 PM

Updated : 31 Aug 2023, 06:19 PM

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত হয়েছেন; আহত হয়েছেন অটোরিকশার চালক ও তিন যাত্রী৷

বৃহস্পতিবার দুপুরে এশিয়ান হাইওয়ের মদনপুরের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ৷

১৭ বছর বয়সি নিহত ইসরাত জাহান তানহা রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকার ব্যাটারিচালিত অটোরিকশাচালক ফারুক ভূঁইয়ার মেয়ে৷

ইসরাত রূপগঞ্জের মুড়াপাড়া এলাকার সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন৷

নিহতের বড় ভাই মো. ফাহিম বলেন, তিন ভাই-বোনের মধ্যে ইসরাত সবার ছোট৷ সকালে সে বাসা থেকে বের হয়ে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে মদনপুরে বড় বোনের বাসায় যাচ্ছিল৷

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়৷ এতে ঘটনাস্থলেই মারা যান ইসরাত৷

অটোরিকশার চালক ও অপর তিন যাত্রীকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা৷

মো. ফাহিম বলেন, “আমরা গরীব মানুষ৷ মা সৌদি আরবে থাকেন; বাবা রিকশা চালান৷ তারা ইসরাত মৃত্যুর খবর পেয়ে খুব কান্নাকাটি করতেছেন৷ অল্প বয়সে পৃথিবী ছেড়ে গেল বোনটা৷ এই অভাব আমরা কীভাবে পূরণ করব জানি না৷”

কাঁচপুর হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) রেজাউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়৷ তবে এর আগেই কভার্ডভ্যানের চালক ও তার সহকারী পালিয়েছেন৷ পুলিশ কভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো ঢ: ৮২-০১১২) জব্দ করে৷

এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান তিনি৷