সিলেটে এবারও জমল না পর্যটন ব্যবসা
হোটেল মালিক তাহমিন আহমদ বলেন, “আমরা ধারণা করেছিলাম এই বন্ধে সিলেটে উপচে পড়া ভিড় হবে, কিন্তু তা হয়নি।”
সিলেটের পর্যটন ব্যবসায় মন্দা কাটছে না। ২০২০ সালে করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে টানা চার বছর পর্যটকের দেখা না পেয়ে হতাশ ব্যবসায়ীরা।
টানা দুই বছর মহামারী শেষে ২০২২ সালে বন্যা আর এবার বৃষ্টির কারণে ঈদুল ফিতর বাড়িয়েছে হতাশা।
পাঁচ দিনের লম্বা ছুটি থাকার পরও সিলেটে সেভাবে চোখে পড়েনি পর্যটকদের। ফলে পর্যটন কেন্দ্রগুলোর পাশাপাশি নগরীর হোটেল-মোটেল, গেস্ট হাউজগুলোও ফাঁকা।
শনিবার ঈদের দিন নগরের হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরাণ (রহ.), গাজী বুরহান উদ্দিন মাজার, ধোপাদিঘীরপাড় ওয়াকওয়ে, ক্বিন ব্রীজ ও নগরের পাশের চা-বাগানগুলোতে মানুষের উপস্থিতি ভালোই ছিল।
তবে বোববার সকাল থেকে থেমে-থেমে বৃষ্টি হওয়ার পর জাফলং, রাতারগুল, লালাখাল, সাদাপাথর, বিছনাকান্দিসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে মানুষের উপস্থিতি দেখা যায়নি।
সিলেট নগরীর আম্বরখানার একটি আবাসিক হোটেলের পরিচালক ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিলেটে সব সময় পর্যটকের ভিড় লেগেই থাকে। কিন্তু এবার সেই তুলনায় পর্যটক আসেননি। আমরা প্রস্তুত ছিলাম বিপুল পরিমাণ পর্যটক বরণে; তবে বৈরী আবহওয়ার কারণে এটা হয়েছে।”
কোম্পানীগঞ্জে উপজেলার সংবাদকর্মী কবির আহমদ জানান, সেখানকার সাদাপাথর দেখতে আসা মানুষের সংখ্যা ছিল কম।
এ জন্য আবহাওয়াকে দায়ী করে তিনি বলেন, “বৃষ্টি না হলে সাদাপাথরে বিপুল সংখ্যক মানুষের সমাগম হতো। এর আগে যেকোনো বন্ধে পর্যটকদের উপচেপড়া ভিড় ছিল।”
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি কর্মকর্তা ফরিদ আহমদ চৌধুরী পরিবার নিয়ে ঘুরতে এসেও হোটেলেই বেশি সময় কাটাতে বাধ্য হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সিলেটের প্রতি আমাদের অন্য রকম টান; সময় পেলেই বেড়াতে আসি। এবারও পরিবার নিয়ে এসেছি। তবে বৃষ্টির কারণে হোটেল থেকে বের হয়ে জাফলং যেতে দেরি হয়েছে।
“ওইখানে পরিবার নিয়ে তেমন একটা ঘোরাঘুরি করতে পারিনি। অনেকটা বাধ্য হয়ে ফিরে এসেছি। কাল দিন ভালো থাকলে শহরের আশপাশে ঘোরাঘুরি করব।”
নগরীর ধোপাদিঘীরপাড় ওয়াকওয়ে দেখতে আসা মামুন হোসেন বলেন, “অনেকদিন ধরে সিলেটে ঘুরব বলে পরিকল্পনা করি। তাই এই ছুটিতে বেড়াতে আসা। তবে আবহাওয়ার কারণে বেড়াতে পারিনি, বিকালে বের হয়েছি পরিবার নিয়ে।”
‘হোটেল নির্বানা ইন’-এর সত্ত্বাধিকারী তাহমিন আহমদ বলেন, “আমরা ধারণা করেছিলাম এই বন্ধে সিলেটে উপচেপড়া ভিড় হবে, কিন্তু তা হয়নি। বৃষ্টির বিষয়টি দেশের মানুষ আগেই জানতে পেরেছে। এর প্রভাব পেয়েছে।”
সিলেটে চা-বাগান ছাড়াও আছে নানা জনপ্রিয় পর্যটন এলাকা। এর মধ্যে আছে জাফলংয়ের ঝর্ণা, মিঠাপানির জলাবন রাতারগুল সোয়াম্প ফরেস্ট, পাথুরের ওপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ পানি প্রবাহের বিছানাকান্দি।
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, স্বচ্ছ নীল পানির নদী যাদুকাটাও সারাদেশের ভ্রমণপিপাসুদের কাছে ব্যাপক জনপ্রিয়। দেশের সর্ববৃহৎ শিমুল বাগান এবং খাসিয়া পল্লীতেও ঘুরতে আসা মানুষের অভাব পড়ে না।
মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ, টি-বোর্ডের নিয়ন্ত্রণাধীন শ্রীমঙ্গল বিটিআরআই চা বাগান, সাত লেয়ারের চা, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, বাইক্কা বিল, হাইল হাওর, মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাত, মনিপুরি পাড়া, হাকালুকি হাওর ও শ্রীমঙ্গলের চা রয়েছে অসংখ্য পর্যটনকেন্দ্র।
সব জায়গাতেই এবার একই হতাশা।
