সাতক্ষীরায় বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু
শওকত গাজী কাঠমিস্ত্রির পাশাপাশি দিনমজুর হিসেবেও কাজ করতেন।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কাজ করার সময় বজ্রপাতে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন।
শুক্রবার বিকালে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যাতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী।
নিহত শওকত গাজী (৫৫) প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাট এলাকার প্রয়াত আব্দুল সামাদ গাজীর ছেলে। শওকত পাঁচ সন্তানের জনক ছিলেন।
শওকত গাজীর চাচাতো ভাই আব্দুল খালেক বলেন, দুপুরে শওকত বন্যাতলা এলাকায় কাঠের কাজ করছিলেন। এ সময় হালকা বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয়রা জানান, শওকত গাজী দীর্ঘদিন ধরে কাঠমিস্ত্রির কাজ করতেন। পাশাপাশি দিনমজুর হিসেবেও বিভিন্ন স্থানে কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।
শওকত গাজীর মৃতদেহ দাফনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী।
