মাদারীপুরের আড়িয়াল খাঁ থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করছে পুলিশ।
মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
কালকিনি থানার ওসি শামীম হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার পূর্ব এনায়েতনগরের আড়িয়াল খা নদ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করছে পুলিশ।
স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে জানিয়ে ওসি বলেন, “মৃতদেহের বিভিন্ন অংশ প্রায় পচে গেছে। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর এবং মামলা দায়ের করা হবে।”
মরদেহটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
