২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ সদস্য প্রার্থীর ওপর হামলার অভিযোগ

আইয়ুব আলীর অভিযোগ, হামলাকারীরা টেনে-হিঁচড়ে তাকে অটোরিকশা থেকে নামায়; এরপর মারধর করে কাপড় খুলে ফেলে।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ সদস্য প্রার্থীর ওপর হামলার অভিযোগ

হাসপাতালে ভর্তি মো. আইয়ুব আলী ভূইয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2022, 01:09 PM

Updated : 14 Oct 2022, 01:23 PM

প্রতিপক্ষের সমর্থকদের হামলায় ব্রাক্ষণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনের এক সদস্য প্রার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে ব্রাক্ষণবাড়িয়ার কসবা কুটি সড়কের শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন।

হামলায় আহত মো. আইয়ুব আলী ভূইয়া (৬০) একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক সদস্য।

হাসপাতাল থাকা আইয়ূব আলী সাংবাদিকদের জানান, উপজেলার বিনাউটি ইউনিয়নের ভোটারদের সঙ্গে সাক্ষাত করে সিএনজিচালিত অটোরিকশায় কসবা হয়ে কুটি যাচ্ছিলেন তিনি। পথে পৌরসভার শাহপুর এলাকায় পৌঁছালে অটোরিকশার গতিরোধ করে প্রতিপক্ষের প্রায় দশ জন সমর্থক।

তারা আইয়ুব আলীকে টেনে-হিঁচড়ে অটোরিকশা থেকে নামিয়ে বেধড়ক মারধর করে শরীরের কাপড়-চোপড় খুলে ফেলে। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় আইয়ুব আলী সদস্য পদের আরেক প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি মোহাম্মদ আবদুল আজিজের সমর্থকদের দায়ী করেন। 

আইয়ূব আলীর ছোটভাই কুটি ইউপির সদস্য খোকন মেম্বার বলেন,  “প্রতিপক্ষ মোহাম্মদ আবদুল আজিজের সমর্থকদের হামলায় আমার ভাই আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

আগামী ১৭ অক্টোবর কসবা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন এই ইউপি সদস্য।

এ বিষয়ে সদস্য প্রার্থী মোহাম্মদ আবদুল আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার কোনো কর্মী-সমর্থক অপরপ্রার্থী আইয়ূব আলী ভূইয়াকে মারধোর করেন নি। কে বা কারা তাকে মারধোর করেছে তা আমার জানা নেই।”

ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “জেলা পরিষদ সদস্য প্রার্থী আইয়ূব আলী ভূইয়া প্রতিপক্ষের সমর্থকদের হাতে আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে দেখতে গিয়েছিলাম।তবে এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। “