‘চার সোনার বারসহ’ রোহিঙ্গা যুবক আটক
যার বাজার মূল্য প্রায় ৫৩ লাখ ২২ হাজার টাকা বলে জানায় কোস্ট গার্ড।
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর থেকে চারটি সোনার বারসহ রোহিঙ্গা যুবককে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ কথা জানান।
আটক মো. আরাফাত (৩৫) জাদিমুড়া শিবির-২৭ এর একজন রোহিঙ্গা শরণার্থী।
লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ জানান, গোপন সংবাদে মিয়ানমার থেকে সোনার একটি চালান অবৈধভাবে টেকনাফ স্থলবন্দরে প্রবেশ করার খবর পায় কোস্ট গার্ড। গত বৃহস্পতিবার দিবাগত রাতে কোস্ট গার্ড টেকনাফ স্থলবন্দর সংলগ্ন সড়কে অবস্থান নেয়।
অভিযানের সময়ে সন্দেহভাজন একজন ব্যক্তিকে বন্দরের মেইন গেইট দিয়ে বের হয়ে সড়কে আসতে দেখেন কোস্ট গার্ড সদস্যরা।
কোস্ট গার্ড যুবককে থামার সঙ্কেত দেয়। তখন ওই যুবক কক্সবাজারগামী একটি চলন্ত অটোরিকশায় উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন।
পরে কোস্ট গার্ড সদস্যরা আটক যুবকের কোমরে পলিথিনে মোড়ানো রাবারের টিউবের মধ্য থেকে ৬৬৩.৯৬ গ্রাম ওজনের চারটি সোনা বার জব্দ করে। যার বাজার মূল্য প্রায় ৫৩ লাখ ২২ হাজার টাকা বলে জানায় কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা খন্দকার মুনিফ আরও জানান, জব্দ সোনার বার টেকনাফ কাস্টমস কর্তৃপক্ষের কাছে এবং আটক যুবককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
