গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসে অগ্নিসংযোগ
জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের সামনের অংশ পুড়ে গেছে তবে কেউ হতাহত হয়নি।
বিএনপির ডাকা অবরোধের শুরুতেই বুধবার সকাল সাড়ে ৬টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের উত্তর সালনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকাল সাড়ে ৬টার দিকে উত্তর সালনা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত মিনহাজ পরিবহনের বাসটিতে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এর মধ্যেই বাসের সামনের অংশ পুড়ে যায়।
তবে কেউ হতাহত হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
