২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই যুগ পর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সম্মেলন

নতুন কমিটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের নাম শোনা যাচ্ছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 03:51 PM

Updated : 23 Oct 2022, 03:51 PM

দেড় যুগ পর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ সময় পর সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

সম্মেলন ঘিরে পদপ্রত্যাশীদের ও নেতা-কর্মীদের ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগর। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম শোনা যাচ্ছে।

রোববার দুপুর ২টায় নগরীর ইসদাইরে অবস্থিত ওসমানী পৌর স্টেডিয়ামে সম্মেলন শুরু হয়। বেলা ১২টা থেকেই বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনস্থলে উপস্থিত হতে শুরু করেন।

সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

দলীয় নেতাকর্মীরা জানান, সবশেষ ১৯৯৭ সালে দলীয় সম্মেলনে নাজমা রহমান সভাপতি ও শামীম ওসমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতা হারালে দেশ ছাড়েন শামীম ওসমান। পরে জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্র। ওই কমিটির আহ্বায়ক ছিলেন এসএম আকরাম, সদস্যসচিব ছিলেন মফিজুল ইসলাম। তবে ওই কমিটি আর পূর্ণাঙ্গ হয়নি।

২০১৬ সালের ৯ অক্টোবর আব্দুল হাইকে সভাপতি, ডা. সেলিনা হায়াৎ আইভীকে জ্যেষ্ঠ সহ-সভাপতি ও আবু হাসনাত মো. শহীদ বাদলকে সাধারণ সম্পাদক করে কমিটি করে দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। এক বছর পর ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে

ওই কমিটিতে সহ-সভাপতির দুটিসহ ছয়টি পদ শূন্যই ছিল।

নতুন কমিটিতে সভাপতি পদে বর্তমান সভাপতি আব্দুল হাই ছাড়াও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু আলোচনায় রয়েছে।

তবে তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, দলের জন্য নিবেদিত, ত্যাগী ও সৎ নেতারই কমিটির গুরুত্বপূর্ণ এই দুই পদে আসা প্রয়োজন। এদিকে আগামী নির্বাচনের আগে বিভক্তি না তৈরি করে পুরোনো কমিটিই বহাল রাখা হবে বলে মনে করছেন কেউ কেউ। এক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন নেতারা।