২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বাবার মাইক্রোবাস চালিয়ে প্রাণ গেলো কিশোরের

একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়।

চুয়াডাঙ্গায় বাবার মাইক্রোবাস চালিয়ে প্রাণ গেলো কিশোরের

সড়ক দুর্ঘটনায় বিধ্বস্ত মাইক্রোবাসটি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2022, 01:15 PM

Updated : 21 Dec 2022, 01:43 PM

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাবার মাইক্রোবাস চালিয়ে বেড়াতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেক কিশোর।

বুধবার সকালে ৯টার দিকে কার্পাসডাঙ্গা নতুন পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কার্পাসডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এএসআই মসলেম উদ্দিন।

নিহত রিয়াদ হোসেন কার্পাসডাঙ্গার আরামডাঙ্গা গ্রামের ইউনুস বিশ্বাসের ছেলে। ১৩ বছরের এই কিশোর মাইক্রোবাসটি চালাচ্ছিল। দুর্ঘটনায় গুরুতর আহত শামিম (১৫) পাশের কোমরপুর গ্রামের মিথুন আলীর ছেলে।

এএসআই মসলেম জানান, ইউনুস বিশ্বাস মাইক্রোবাসটি ভাড়ায় দিতেন এবং নিজেই চালাতেন। বুধবার সকালে তার ছেলে রিয়াদ ও মিথুন মাইক্রোবাস নিয়ে বেড়াতে বের হয়।

মাইক্রোবাসটি নিয়ে তারা নতুনপাড়া মোড়ে পৌছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় রিয়াদ।

আহত শামিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য দামড়হুদার চিৎলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

কিভাবে এই কিশোর বাবার গাড়ি নিয়ে বের হতে পারলো তার বিস্তারিত জানাতে না পারলেও এএসআই মসলেম বলেন, “অভিভাবকদের সতর্ক হওয়া উচিৎ। কোনো শিশু ও কিশোর যাতে কোনোভাবে কোনো যানবাহন চালাতে না পারে সেদিকে দৃষ্টি রাখা দরকার।”

এখনো পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেননি বলেও জানান তিনি।