গাজীপুরে তক্ষক-ইয়াবাসহ গ্রেপ্তার ৬
গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানায়।
গাজীপুরে আলাদা অভিযানে বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী তক্ষক ও ৮০০ ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জিএমপি’র উপকমিশনার (অপরাধ) আবু তোরাব মোহাম্মদ সামশুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে মঙ্গলবার মহানগরের আউটপাড়া এলাকা থেকে তক্ষকসহ তিনজন এবং নলজানি এলাকা থেকে ৮০০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার হন।
তক্ষকসহ গ্রেপ্তাররা হলেন ময়মনসিংহের মো. মাসুদ রানা (৫৩), চুয়াডাঙ্গার মো. ইদ্রিস আলী (৪৮) ও নোয়াখালীর মো. শাহিন আলম (৪২)।
ইয়াবাসহ গ্রেপ্তাররা হলেন শেরপুরের মুন্নী বেগম (৩০), গাজীপুর মহানগরের পুবাইল থানা এলাকার মো. নজরুল ইসলাম (৫২) ও একই এলাকার মো. মিলন মোল্লা (২৩)।
সংবাদ সম্মেলনে বলা হয়, পুলিশ গোপন সংবাদে জানতে পারে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কক্সবাজার থেকে গাজীপুরে আনা সিসি ক্যামেরা ও কম্পিউটার প্রিন্টার টোনারের ভেতর ঢুকিয়ে অভিনব কায়দায় ৮০০ ইয়াবা পাচার হচ্ছে।
পরে মঙ্গলবার বিকাল ৩টার দিকে নলজানি এলাকার ওই কুরিয়ার সার্ভিসের শাখা অফিসের সামনে পুলিশ অবস্থান নেয়। পরে মালগুলো হস্তান্তরের সময় কুরিয়ার সার্ভিসের ওই শাখার ১৫ নম্বর কাউন্টারের সামনে অভিযান চলে। এ সময় সিসি ক্যামেরা ও প্রিন্টারের টোনারে তল্লাশি চালিয়ে ৮০০ ইয়াবা জব্দ ও নারীসহ তিনজনকে আটক করে পুলিশ।
আসামিরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, তারা দীর্ঘদিন ধরে এই কৌশলে কক্সবাজার ও কুমিল্লা থেকে মাদকদ্রব্য এনে গাজীপুর এলাকার বিভিন্ন মাদক কারবারির কাছে বিক্রি করতেন।
“এ ব্যাপারে বাসন থানায় একটি মামলা হয়েছে।”
অপর দিকে, একইদিন সকাল ১১টার দিকে গোপন সংবাদে মহানগরের আউটপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় বিলুপ্ত প্রায় বন্যপ্রাণী তক্ষকসহ পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাসুদ রানা তক্ষকটি বিক্রির জন্য চট্টগ্রাম থেকে গাজীপুরে নিয়ে আসেন। পরে মঙ্গলবার সকালে বিক্রির প্রস্তুতির সময় তক্ষকটি উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বাসন থানায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
বুধবার তক্ষকটি বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর এবং গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে জিএমপির সহকারী উপপুলিশ কমিশনার রেজওয়ান আহমেদ, সহকারী কমিশনার চৌধুরী মো. তানভীর, বাসন থানার ওসি মো. আবুল মালেক খসরু ছিলেন।
