ছাত্রীর সঙ্গে শিক্ষকের খারাপ ব্যবহারের অভিযোগ, প্রতিবাদে সড়ক অবরোধ
গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে শিক্ষকের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা।
গাইবান্ধা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে খারাপ আচরণের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।
রোববার দুপুরে প্রথমে জেলা শহরে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে ডিবি রোডে এবং পরে পৌরপার্কের সামনের সড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এতে শহরে যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয় বলে গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা জানান।
একাধিক শিক্ষার্থী জানায়, প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব যোগদানের পর থেকেই বিদ্যালয়ের কর্মচারী থেকে শুরু করে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। রোববার সকালে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী অসুস্থতার কারণে ছুটি চাইতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি।
ওই শিক্ষার্থী ভয় পেয়ে সেখান থেকে দ্রুত বের হয়ে বিষয়টি তার সহপাঠীদের জানান। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে তাৎক্ষণিক ক্লাশ বর্জন করে রাস্তায় নেমে পড়ে।
বিক্ষুব্ধ ছাত্রীরা আরও জানান, তাদের একটাই দাবি প্রধান শিক্ষককে স্কুল থেকে প্রত্যাহার করতে হবে নয়তো তারা ক্লাসে ফিরবে না।
পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দেয়।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক সুশান্ত কুমার বলেন, “এক শিক্ষার্থী ছুটি নিতে এলে তাকে ছুটি দেওয়া হয়নি। কোনও খারাপ ব্যবহারও করি নাই তার সঙ্গে।”
তবে বিভিন্ন সময় তার কাছ থেকে যারা অবৈধ সুবিধা আদায় করতে পারেনি তারাই শিক্ষার্থীদের ইন্ধন দিয়ে এই বিক্ষোভ করিয়েছে বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক।
