২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 03:45 PM

Updated : 29 Sep 2026, 03:59 PM

কুমিল্লার মেঘনা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে টেটাবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে উপজেলা চালিভাঙ্গা ইউনিয়নের নলচর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মেঘনা থানা ওসি শহিদুল ইসলাম।

আহতরা স্থানীয় হাসপাতালসহ পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রবিউল্লাহ রবি সরকারের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা আব্দুল বারেক প্রধানের বিরোধ চলে আসছিল।

এর জেরে ভোরে প্রথমে বারেকের লোকজন রবি সরকারের লোকজনের ওপর হামলা চালায়। পরে রবি সরকারের লোকজন পাল্টা হামলা চালাতে গেলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পুলিশের ভাষ্য, উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন টেটাবিদ্ধ হয়েছেন। যদিও স্থানীয়ভাবে অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে।

ওসি শহিদুল ইসলাম বলেন, যুবকদল নেতা রবিউল্লাহ রবি এবং বিএনপি নেতা বারেক প্রধানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতরা সোনারগাঁয়ে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এ ঘটনায় যুবকদল নেতা রবিউল্লাহ রবি এবং বিএনপি নেতা বারেক প্রধানের বক্তব্য জানার চেষ্টা চলছে।