জামালপুরের ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান আর নেই
অন্যরা ক্ষমা চেয়ে ছাত্রত্ব ফিরে পেলেও বদিউর রহমান ক্ষমা চাননি। এ কারণে স্বাধীনতার আগ পর্যন্ত আর স্কুলে ভর্তি হতে পারেননি তিনি।
জামালপুরের ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান তালুকদার আর নেই।
৯০ বছর বয়সে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
ভাষা সৈনিক বদিউর রহমানের শ্যালক কবি তালাত মাহমুদ জানান, বদিউর রহমান জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার কালিকাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
১৯৫২ সালে দেওয়ানগঞ্জ সমবায় উচ্চ বিদ্যালয়ের (বর্তমান সরকারি উচ্চ বিদ্যালয়) নবম শ্রেণির ছাত্র বদিউর রহমান তালুকদার ভাষা আন্দোলনে যুক্ত হন। সেজন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ১৯৫২ সালের ১৫ মার্চ তাকেসহ পাঁচজনকে বিদ্যালয় থেকে বহিষ্কার করে ছাত্রত্ব বাতিল করা হয়।
তবে অন্য চারজন ক্ষমা চেয়ে ছাত্রত্ব ফিরে পেলেও তিনি ক্ষমা চাননি। এ কারণে স্বাধীনতার আগ পর্যন্ত দেশের আর কোনো স্কুলে তিনি ভর্তি হতে পারেননি।
১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন বদিউর রহমান। পরে বাংলাদেশ স্বাধীন হলে ১৯৭২ সালে তিনি দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ করেন।
এই বীর মুক্তিযোদ্ধা দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতিও ছিলেন।
তালাত মাহমুদ আরও জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা শেষে পারবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
