ধর্ষণ মামলা করায় গৃহবধূকে কুপিয়ে হত্যা: ২ আসামি গ্রেপ্তার
র্যাব জানায়, ৩ জানুয়ারি রাতে বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে সেলিনাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়।
নেত্রকোণার আটপাড়া উপজেলায় ধর্ষণ মামলা করায় এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪ এর উপপরিচালক অপারেশনস কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- ওই উপজেলার পালগাঁও গ্রামের বাসিন্দা মো. অসীম (২৫) ও তার ভাই মো. রাজু মিয়া (২৩)।
মামলার বরাত দিয়ে অপারেশনস কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, পালগাঁও গ্রামের সেলিনা আক্তার ও তার স্বামী খোকন মিয়ার সঙ্গে অসীম, রাজু, মাসুদসহ কয়েকজনের জমির বিরোধ ছিল। এ নিয়ে তাদের মধ্যে একাধিক মামলাও ছিল।
কিছুদিন আগে সেলিনা তারাসহ ওই এলাকার পাঁচজনের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা করেন।
তিনি বলেন, এর জেরে ৩ জানুয়ারি রাতে অসীম ও রাজুসহ কয়েকজন দেশি অস্ত্র নিয়ে সেলিনার বাড়ির দরজা ভেঙে ঘরে ঢোকে। এরপর তারা সেলিনাকে উঠানে নিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় সেলিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করে। সেখানে ৪ জানুয়ারি ভোরে সেলিনা মারা যান।
এ ঘটনায় ৮ জানুয়ারি নিহতের ননদ বেদেনা আক্তার বাদী হয়ে অসীম ও রাজুসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন।
আনোয়ার হোসেন বলেন, এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার রাতে গাজীপুরের শ্রীপুরের জৈনা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে আটপাড়া থানার ওসি মো. তাওহীদুর রহমান বলেন, অসীম ও রাজুকে বিকালে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
