২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ স্কুলছাত্রের

“তিন মোটরসাইকেলে ছয়জন বন্ধু চুয়াডাঙ্গা থেকে দ্রুত গতিতে মেহেরপুর ফিরছিল।”

ঈদে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ স্কুলছাত্রের

মেহেরপুর জেনারেল হাসপাতালে নিহত একজনের মরদেহ।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2023, 08:14 PM

Updated : 29 Jun 2023, 08:14 PM

মেহেরপুর সদর উপজেলায় বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ করতে বেরিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুজন।   

বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে উপজেলার নতুন দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান। 

নিহতরা হলো- মেহেরপুর পৌর শহরের মল্লিকপাড়ার মৃত আশরাফুল ইসলামের ছেলে এবং সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র জিসান (১৩) এবং পৌর শহরের কোর্টপাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে সামিউল ইসলাম বিজয় (১৪)।

সদর থানার এসআই সঞ্জীব কুমার সাংবাদিকদের বলেন, তিন মোটরসাইকেলে ছয়জন বন্ধু চুয়াডাঙ্গা থেকে দ্রুত গতিতে মেহেরপুর ফিরছিল। নতুন দরবেশপুর এলাকায় প্রথমে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের সঙ্গে ধাক্কা লাগে। তারপর পেছনে থাকা অপর আরেকটি মোটরসাইকেলও সেখানে দুর্ঘটনার কবলে পড়ে। এতে চারজন আহত হয়।  

স্থানীয়দের সহায়তায় আহতদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জিসান ও বিজয়কে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক শোভন মল্লিক বলেন, “দুর্ঘটনায় আহত দুই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।“ 

ওসি সাইফুল আরও বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।