২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৭ বছরের সাজা এড়াতে ১২ বছরের পলাতক জীবন

ব্যাংকের গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় আতোয়ারের সাজা হয়

৭ বছরের সাজা এড়াতে ১২ বছরের পলাতক জীবন

পলাতক আসামি আতোয়ার রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2022, 04:17 PM

Updated : 12 Sep 2022, 04:17 PM

মানিকগঞ্জ সদর উপজেলায় ব্যাংকের গ্রাহকের অর্থ আত্মসাতের মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, উপজেলার বেতিলা-মিতরা এলাকা থেকে রোববার রাতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আসামি ষাটোর্ধ্ব মো. আতোয়ার রহমান উপজেলার মত্ত এলাকার বাসিন্দা। তিনি একটি ব্যাংকের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তখনই তার বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ উঠে।

লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ২০১০ সালে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে আতোয়ারের বিরুদ্ধে ব্যাংকের ব্যবস্থাপক বাদী হয়ে ঘিওর থানায় মামলা করেন। মামলার পর তিনি আত্মগোপনে চলে যান।

তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আদালত ২০১০ সালের ২৩ মার্চ আতোয়ার রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

র‌্যাব কর্মকর্তা বলেন, গ্রেপ্তার এড়াতে আতোয়ার কখনও রিকশা চালিয়েছেন , কখনও রাজমিস্ত্রি বা চায়ের দোকানে কাজ করেছেন। তিনি প্রতিনিয়ত পেশা পরিবর্তন করতেন।