মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে কিশোরীর মৃত্যু
বিকট শব্দে বিস্ফোরণ ঘটে কক্ষটি তছনছ হয়ে যায়।
মুন্সীগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে মাদ্রাসাছাত্রী এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে শহরের মানিকপুরে এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ জানান।
নিহত আফরোজা (১৮) ওই এলাকার যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদীনের ভাড়া ঘরের বাসিন্দা আওলাদ হোসেনের মেয়ে।
আবু ইউসুফ জানান, ওই এলাকার যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদীনের তিনতলা ভবনের নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন আওলাদ হোসেন। সন্ধ্যায় আওলাদ হোসেনের স্ত্রী রান্না করছিলেন; ষোল বছর বয়সী মেয়ে আফরোজা ও তার বোন টিভি দেখছিল।
“এ সময় বিকট শব্দে কিছু একটার বিস্ফোরণ ঘটে কক্ষটি তছনছ হয়ে যায়। শব্দ শুনে এলাকার লোকজন এসে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আফরোজাকে মুমূর্ষু অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আফরোজার বোন সুস্থ আছে।”
তিনি বলেন, ভবনটির নিচে সেপটিক ট্যাংক। দীর্ঘদিন ধরে ট্যাংকের ঢাকনা বন্ধ থাকায় এক ধরনের বিষাক্ত গ্যাস তৈরি হয়। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের কারণে এ ট্যাংকটির বিস্ফোরণ ঘটেছে।
মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক তারিকুজ্জামান জানান, লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
