হিল উইমেন্স ফেডারেশন নেত্রীকে ‘হুমকি’, ৪ সংগঠনের নিন্দা
হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী দয়াসোনা চাকমাকে ‘হুমকি’র অভিযোগ তুলে নিন্দা জানিয়েছে পাহাড়ের চারটি সংগঠন।
হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী দয়াসোনা চাকমাকে ‘হুমকি’র অভিযোগ তুলে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চারটি সংগঠন।
গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুনয়ন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী দয়াসোনা চাকমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মেসেঞ্জারে ক্ষুদে বার্তা ও ভয়েস রেকর্ড পাঠিয়ে হুমকি দেন জেএসএস (সন্তু)-এর সদস্য জুপিটার চাকমা। দয়াসোনাকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, মত পার্থক্য থাকতেই পারে। কিন্তু একটি নারী সংগঠনের নেত্রীকে হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। ভবিষ্যতে দয়াসোনার কিছু হলে এর দায় হুমকিদাতা তথা জেএসএসকে নিতে হবে।
বিবৃতিতে অবিলম্বে জুপিটার চাকমাকে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া এবং তার দ্বারা দয়াসোনা চাকমাসহ ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কোনো ক্ষতি হবে না মর্মে লিখিত নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানান নেতারা।
না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
