২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ইটভাটা মালিকের কারাদণ্ড, দুজনের ৮ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম সুলতানা সালেহা সুমী মঙ্গলবার অভিযান পরিচালনার সময় এসব রায় দেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2024, 10:41 PM

Updated : 13 Feb 2024, 10:41 PM

অবৈধভাবে ইটভাটা চালানোয় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় এক মালিককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই দিন আরও দুজনকে আট লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম সুলতানা সালেহা সুমী মঙ্গলবার অভিযান পরিচালনার সময় এসব রায় দেন বলে বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাশেদ জানান।

১০ দিনের কারাদণ্ডপ্রাপ্ত মো. আলাউদ্দিন উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের মেসার্স আরবিসি ব্রিকসের মালিক।

এ ছাড়া উপজেলার পশ্চিম ভংগা গ্রামের মেসার্স আলম ব্রিকস-১ এর মালিক মো. বাকুল্লা হাওলাদারকে চার লাখ এবং মেসার্স আলম ব্রিকস-২ এর মালিক মো. রুবেল হোসেনকে চার লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

উপ-পরিচালক রাশেদ বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গুড়িয়ে দেওয়া হয়েছে তিনটি ইটভাটার কিলন, চিমনি। ধ্বংস করা হয়েছে বিপুল পরিমান কাঁচা ইট।

দণ্ডিত আসামিকে উপজেলার কাজিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে উপ-পরিচালক আরও বলেন, অভিযানে বরিশাল জেলা পুলিশ, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও হিজলা উপজেলার ফায়ার সার্ভিস সহযোগিতা করেছে।