ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাবিতে সমাবেশ
সমাবেশ শেষে একটি প্রতিবাদী মিছিল বের করেন শিক্ষার্থীরা।
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সময় বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
তারা জানান, বছরের পর বছর ধরে ইসরায়েল নানাভাবে ফিলিস্তিনের মুক্তিকামী জনগণকে নির্যাতন করছে, হত্যা করছে। তাদের স্বাধীনভাবে বেঁচে থাকতে দিচ্ছে না ইসরায়েল।
ফিলিস্তিনের ওপর সব নির্যাতনের অবসান ঘটিয়ে দ্রুত সময়ের মধ্যে স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা দেওয়া দাবি জানান তারা।
শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসুদ, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকিব সমাবেশে অংশ নেন।
সমাবেশ শেষে একটি প্রতিবাদী মিছিল বের করেন শিক্ষার্থীরা। সেটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
