শিক্ষার্থীদের দেশ ও সমাজের কথা মনে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
“সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে চেষ্টা করলে সমাজের কল্যাণে ভূমিকা রাখা সম্ভব,” বলেন তারেক রহমান।
দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হয়ে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকার নবাবগঞ্জের তিনটি স্কুলের জিপিএ ৫ পাওয়া ৫০ শিক্ষার্থী মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎ করতে এলে সরকারপ্রধান এ আহ্বান জানান বলে তার উপপ্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তিনটি স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, তাদের খোঁজখবর নিয়েছেন।
“প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বলেছেন, লেখাপড়া শেষ করে তোমরা এক দিন বড় হবে এবং বিভিন্ন পেশায় যোগ দেবে। কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ আইনজীবী, কেউ বিজ্ঞানী কিংবা শিক্ষক হবে। তবে যে পেশাতেই যাও না কেন, নিজের পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বের কথা সব সময় মনে রাখতে হবে।“
প্রধানমন্ত্রী বলেছেন, “প্রত্যেক মানুষের নিজের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, তেমনি তার চারপাশের মানুষ, সমাজ ও পরিবেশের প্রতিও দায়িত্ব রয়েছে। একজন বিবেকবান মানুষ হিসেবে রাষ্ট্র, সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে চেষ্টা করলে সমাজের কল্যাণে ভূমিকা রাখা সম্ভব।”
মঙ্গলবার বিকালে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। স্কুলগুলো হলো নবাবগঞ্জের কলাকোপা উচ্চ বিদ্যালয়, বান্দুরা হলিক্রশ হাই স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বলেছেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। পড়ালেখার পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমাদের দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।
“শুধু মুখস্থ করে পরীক্ষা দেওয়া কিংবা ভালো ফল অর্জন করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়। এর বাইরেও অনেক কিছু জানার ও শেখার রয়েছে। এসব বিষয়ে জ্ঞান অর্জন করলে শিক্ষার্থীদের জীবন আরও সমৃদ্ধ হবে এবং তারা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।”
এ সময় স্থানীয় সংসদ সদস্য ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।
