১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচের আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট

বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সানিডেল, গ্লেনরিচ সাঁতারকুল, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 05:05 PM

Updated : 12 Nov 2026, 05:05 PM

দেশের ১৮টি স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের সাঁতারকুল ক্যাম্পাসে হয়ে গেল গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট ২০২৬।

বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা পাঁচটি বিভাগে ৪ থেকে ৭ নভেম্বর চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে প্রাইমারি স্কুল বয়েজ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সানিডেল। জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র স্কুল বয়েজ—এই তিন বিভাগেই জয় পেয়েছে গ্লেনরিচ সাঁতারকুল। সিনিয়র স্কুল গার্লস বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল।

বৃহস্পতিবার গ্লেনরিচ স্কুলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তরুণ খেলোয়াড়দের ক্রীড়াদক্ষতা, দলগতভাবে কাজ করার সক্ষমতা ও খেলোয়াড়সুলভ মনোভাব বিকাশের পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার চর্চায় উৎসাহিত করতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য স্কুলগুলো হলো ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি), গ্লেনরিচ উত্তরা, হেইলিবারি ভালুকা, দ্য আগা খান একাডেমি ঢাকা, ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি), সিডনি ইন্টারন্যাশনাল স্কুল, গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, রেভেরি স্কুল, কিডস ক্যাম্পাস স্কুল, লাইটহাউস ইন্টারন্যাশনাল স্কুল, রেডিয়াস ইন্টারন্যাশনাল স্কুল এবং ক্যাপস্টোন স্কুল ঢাকা।

শিক্ষার্থীদের বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল সাঁতারকুলের প্রিন্সিপাল মনোজ কুমার তিওয়ারি বলেন, “শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা দুই ক্ষেত্রেই শিক্ষার্থীদের সমানভাবে উৎসাহিত করতে চাই। এই টুর্নামেন্ট তরুণ খেলোয়াড়দের নিজেদের দক্ষতা, শৃঙ্খলা ও খেলোয়াড়সুলভ মনোভাব তুলে ধরার পাশাপাশি বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ করে দিয়েছে।”

টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করেছে কয়েকটি করপোরেট প্রতিষ্ঠান। এর টাইটেল স্পনসর ছিল ফকির গ্রুপ। কো-স্পনসর হিসেবে ছিল গ্যাজেট অ্যান্ড গিয়ার, নোভেম ইকোরিসোর্ট, এল ডোরাডো ডেভেলপমেন্টস লিমিটেড ও হায়াত হোল্ডিংস। আর অফিসিয়াল হাইড্রেশন পার্টনার ছিল এসএমসি প্লাস ইলেকট্রোলাইট ড্রিংকস।