দিনাজপুরে ‘ভোটারদের প্রশ্নে বিব্রত’ জাপার প্রার্থী ভোট থেকে সরে দাঁড়ালেন
তার ভাষ্য, নৌকা আর লাঙ্গলের আসন ভাগাভাগি নিয়ে ভোটারদের বিভিন্ন প্রশ্নে একাধিকবার বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে।
‘ভোটারদের নানা প্রশ্নে বিব্রত’ দিনাজপুর-২ আসনের জাতীয় পার্টি-জাপার প্রার্থী ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।
মঙ্গলবার দুপুরে বিরলে এক সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিজেই জানালেন লাঙ্গলের প্রার্থী মাহবুব আলম।
তার ভাষ্য, নৌকা আর লাঙ্গলের প্রার্থীদের আসন ভাগাভাগি নিয়ে ভোটারদের বিভিন্ন প্রশ্নে একাধিকবার বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাকে।
মাহবুব আলম বলেন, “নির্বাচনের প্রচারে গিয়ে আসন ভাগাভাগি নিয়ে ভোটারদের নানা প্রশ্নে বিব্রত হই।”
ভোটারদের এমন ‘বিব্রতকর’ প্রশ্নের পর এখন ভোট গণনা এবং ফলাফল ঘোষণা ও ভোটের স্বচ্ছতা নিয়ে নিজেরও প্রশ্ন রয়েছে তার।
মাহবুব আলমের দাবি, তিনি জাতীয় পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি।
তিনি ছাড়াও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত আনোয়ার চৌধুরী জীবন ঈগল প্রতীক নিয়ে আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
এ ছাড়া নৌকার প্রার্থী আছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
