আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করার মত: রিজভী
বেআইনি পদ্ধতি কখনোই অপরাধ দমনে কার্যকর হয় না মন্তব্য করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা রিজভী সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হয়ে কথা বলার আহ্বান জানান।
অনুমতি পেলে পুলিশ ‘ক্রসফায়ার’ করতে পিছপা হবে না বলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির যে মন্তব্য করেছেন তা সরকারকে বিব্রত করার মত বলে মনে করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, “একটা পুলিশ বাহিনীর প্রধান তিনি সরকারের একটা অংশ। তিনি আবার ক্রসফায়ারের কথা বলেন। যদি স্লিপ অব টাং করে বলেন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু এটা তো সরকারকে বিব্রত করার মত অবস্থা।”
জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “যে ১৭ বছর আমরা এই ক্রসফায়ার, গুম, গুপ্ত হত্যা, রক্ত ঝরানো অমানবিক দুঃশাসন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পরিণতিতে ৫ অগাস্ট পেলাম, জুলাই পেলাম এবং আবার সুষ্ঠ নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি ক্ষমতায় আসল। তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন। সারাদেশের প্রত্যাশা একটি মানবিক বাংলাদেশ। সেখানে একটি বাহিনীর প্রধান হয়ে আপনার (আইজিপি) মুখ দিয়ে এ ধরনের কথা সত্যি আমাদেরকে ভাবিয়ে তুলেছে।”
দেশে পর্যাপ্ত আইন আছে, এই আইন প্রয়োগ করার দায়িত্ব আইন প্রয়োগকারী সংস্থা। এবং এই আইন দিয়েই সন্ত্রাস দমন করা সম্ভব বলেও মত দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তার মতে, “এই আইন দিয়েই অপরাধ দমন করা সম্ভব ঢাকার কয়েকটি এলাকায় যে অপরাধের যে বিষয়গুলো দেখছি। আমি বিশ্বাস করি, পুলিশ বাহিনীর মধ্যেও অনেক সৎ দক্ষ অফিসার আছে।
“তাদেরকে কাজে লাগান আপনারা। দেখবেন যে আইন যদি সঠিকভাবে প্রয়োগ করে, কোনো প্রভাব মুক্ত হয়ে প্রয়োগ করে তাহলে সমাজে কোনো অপরাধ থাকবে না।’’
বেআইনি পদ্ধতি কখনোই অপরাধ দমনে কার্যকর হয় না মন্তব্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রিজভী বলেন, “সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হয়ে কথা বলতে হবে। খুব সস্তা ক্রেডিট নেওয়ার জন্য কথা বললে এটা দেশের ক্ষতি হবে এবং সরকারের ভাবমূর্তির ওপর আঘাত হবে।’’
রাজধানীর পল্টনে সোমবার রাতে সিপিবির কার্যালয়ে হামলার বিষয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। ‘পতিত ফ্যাসিবাদ’ উৎসাহিত হওয়ার মত কর্মকাণ্ড থেকে সব রাজনৈতিক দলের বিরত থাকা উচিত মন্তব্য করে তিনি দাবি করেন, “সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে।”
বিগত ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সিপিবিও ছিল মন্তব্য করে তিনি বলেন, “এখন তারা কি স্লোগান দেবে? যে স্লোগান বা যে কাজে পতিত ফ্যাসিবাদের উৎসাহিত হয় সেটা করা উচিত না।”
শ্রদ্ধা নিবেদন শেষে রুহুল কবির রিজভী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে অংশ নেন।
