লালমনিরহাটে ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ৫
এ ঘটনায় বিএনপি ও ছাত্রলীগ নেতারা একে অপরকে দায়ী করেছেন।
লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক এসআইসহ পাঁচ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে হাতীবান্ধা তেল পাম্প এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান হাতীবান্ধা থানার ওসি শাহা আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি কার্যালয়ে আলোচনা সভা শেষে নেতা-কর্মীদের নিয়ে মেডিকেল মোড় এলাকার দিকে যাওয়ার সময় সিন্দুনা ইউনিয়ন ছাত্রলীগের একটি মিছিল বের হয়। এক পর্যায়ে উভয় দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে বিএনপি, ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশের এসআই মহিদুল ইসলামসহ পাঁচ জন আহত হন।
এ ঘটনায় বিএনপি ও ছাত্রলীগ নেতারা একে অপরকে দায়ী করেছেন।
হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন জানান, রংপুর বিভাগের গণসমাবেশ সফল করার লক্ষে শুক্রবার দুপুরে হাতীবান্ধা উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপির কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “আমরা সভা শেষ করে বের হয়ে চলে যাচ্ছিলাম, এ সময় ছাত্রলীগ অতর্কিত হামলা চালায়। কোনো কারণ ছাড়াই তারা আমাদের উপর হামলা চালিয়েছে। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন।”
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মিলন সরকার জানান সিন্দুনা ইউনিয়নে বিকালে ছাত্রলীগের মতবিনিময় সভা উপলক্ষে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল বের করে। তিনিও সেখানে ছিলেন।
“মিছিলটি ফিলিং স্টেশন এলাকা বিএনপি দলীয় কার্যালয় এলাকায় সামনে পৌঁছলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাত্রলীগের উপর ঢিল ছুড়তে থাকে। পরে লাঠি-শোঠা নিয়ে হামলা চালায়। এতে আমিসহ ছাত্রলীগের আরও কয়েকজন আহত হয়।”
ওসি শাহা আলম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে পুলিশের একজন কর্মকর্তা আহত হয়েছেন।
