২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা: কক্সবাজারে বিধ্বস্ত জনপদে খাবার ও বিশুদ্ধ পানির সংকট

বন্যা কবলিত এলাকায় ৭৪৭ মেট্টিক টন চাল, প্রায় ১৪ লাখ টাকা ও সাড়ে পাঁচ হাজার ব্যাগ শুকনা খাবার বিতরণ করা হয়েছে বলে জানায় জেলা প্রশাসন।

বন্যা: কক্সবাজারে বিধ্বস্ত জনপদে খাবার ও বিশুদ্ধ পানির সংকট

কক্সবাজার জেলার বেশ কিছু নিম্নাঞ্চলে এখনও পানি জমে আছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2023, 11:13 PM

Updated : 10 Aug 2023, 11:13 PM

কক্সবাজারে নামছে বন্যার পানি; তবে প্লাবিত কিছু কিছু এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। বিধ্বস্ত জনপদে হাজার হাজার মানুষ এখনও খাবার ও বিশুদ্ধ পানির সংকটে দিনযাপন করছেন।

বৃহস্পতিবার বিকালে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ এ তথ্য জানিয়ে বলেন, একের পর এক কক্সবাজারের ৯ উপজেলার ৬০ ইউনিয়নের ক্ষয়-ক্ষতির তথ্য আসছে।

“এ পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে, তাতে সড়ক বিভাগের ৫৯ কিলোমিটার রাস্তা, এলজিইডির ৮১ কিলোমিটার গ্রামীণ রাস্তা, ৪৭টি ব্রিজ ও কালভার্ট নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

“এ ছাড়া ১৫ হাজার ৬৩৮ হেক্টর ফসলি জমি, এক হাজার ৭৫২টি পুকুর-দীঘি-খামার, এক হাজার ৮৩২টি মৎস্য ঘের, ২৬২ মেট্টিক টন ফিন ফিশ, ৭০৩ মেট্টিক টন চিংড়ি, ১০ মেট্টিক টন পোনা, ১৭৯টি জাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

একই সঙ্গে দোহাজারী-কক্সবাজার রেললাইন প্রকল্পের কিছু স্থান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এসব এখনও টাকার অঙ্কে নির্ধারণ করা সম্ভব হয়নি। এর বাইরেও নতুন নতুন ক্ষতির তথ্য আসছে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক।

এদিকে বন্যা কবলিত এলাকার মানুষজন ব্যাপক দুর্ভোগের মধ্যে রয়েছেন। খাবার ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে।

কয়েকটি ইউনিয়নের বন্যা দুর্গত এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব এলাকার বসতবাড়ি থেকে বন্যার পানি নেমেছে সেগুলো এখনও রান্নার উপযোগী হয়ে উঠেনি।

বিশুদ্ধ পানি ও খাদ্যের সংকটের বিপরীতে সামান্য খাদ্য সহায়তা দিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন। এখনও হাজার হাজার পরিবার অনাহারে দিন পার করছে। কিছুই না পাওয়ার অভিযোগ তুলেছেন অনেকেই।

চকরিয়া উপজেলার বন্যা কবলিত কাকারা ইউনিয়নের এম এম চর এলাকার বাসিন্দা খালেদুল ইসলাম বলেন, “গত চারদিন ধরে পরিবার নিয়ে পানিবন্দি অবস্থায় রয়েছি। রান্না করা খাবার তো দূরের কথা শুকনো খাবারও পাইনি। কেউ খবরও নেয়নি। বাড়ির সব জিনিস নষ্ট হয়ে গেছে বন্যার পানিতে।”

একই এলাকার আবদুল গফুর বলেন, “রান্না করে খাবার খাওয়ার পরিবেশ এখনও তৈরি হয়নি। বিচ্ছিন্নভাবে রান্না করা খাবার পাওয়া গেলেও তা শুধু এক বেলার। এলাকায় কোথাও খাবার পানি নেই। অনাহার ও পানিহীন জীবন নিয়ে ভোগান্তিতে রয়েছি।”

চকরিয়া পৌর এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, এখনও পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে না। হতদরিদ্র পরিবারের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে।

পেকুয়া উপজেলার ব্যবসায়ী কফিল উদ্দিন জানান, যাদের আর্থিক অবস্থা ভালো তারা অনেকেই শহরে চলে গেছেন। দরিদ্র লোকজনের মধ্যে খাবার ও পানি সংকট রয়েছে। নতুন করে পানিবাহিত রোগে আক্রান্তও বাড়ছে।

চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন বলেন, চলতি আমন মৌসুমে ১৯ হাজার ৫০০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে সাত হাজার ৮০০ হেক্টর জমিতে আমনের চারা রোপণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বন্যার পানিতে ৯ হাজার ৫৪৭ হেক্টর জমির রোপণ করা চারা, বীজতলা ও শাক-সবজির খেত তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

বন্যার পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান এই কৃষি কর্মকর্তা।

চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু হাসনাত সরকার বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। বন্যার্ত মানুষদের জন্য ২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চকরিয়া উপজেলা কার্যালয়ের প্রকৌশলী সাফায়াত ফারুক চৌধুরী বলেন, “উপজেলায় এলজিইডির আওতাধীন ৪২১ কিলোমিটার সড়ক রয়েছে। বন্যায় প্রায় ২৮০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, এর মধ্যে কাকারা, ডুলাহাজারা, বমুবিলছড়ি, হারবাং ও পূর্ব বড় ভেওলায় প্রায় ৪৫ কিলোমিটার সড়ক ভেঙে ধসে গেছে।

চকরিয়া উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা ফারহান তাজিম বলেন, “বন্যার পানিতে উপজেলার পাঁচ হাজার ৪৬২ হেক্টর জমিতে এক হাজার ৬৪২টি চিংড়ি ঘের ও ৯৪২ হেক্টর জমিতে অবস্থিত পাঁচ হাজার ৬৮২টি পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে।

এতে ৬৩ কোটি ১২ লাখ টাকার ২২৪ মেট্রিক টন মাছ ও ৬৬২ মেট্রিক টন চিংড়ি ভেসে গেছে বলে জানান তিনি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ফলে সর্বমোট কত ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিরূপণ করা হয়নি।

উপকূলসহ বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষয়ক্ষতি নির্ণয়সহ সড়ক সংস্কার ও ভেঙে যাওয়া বেড়িবাঁধ পুনঃনির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ জানান, বন্যা কবলিত এলাকায় ৭৪৭ মেট্টিক টন চাল, নগদ ১৩ লাখ ৭৫ হাজার টাকা, সাড়ে ৫ হাজার ব্যাগ শুকনা খাবার, এক হাজার বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে।

এ ছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে সাড়ে ৩৭ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, পাঁচ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে।

৫০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এখনও মজুদ রয়েছে বলেও জানান তিনি।

এদিকে সরকারি সহায়তার পাশাপাশি কিছু সংখ্যক রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ব্যক্তিগত সহযোগিতা করেছেন।