২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে নিখোঁজের ১১ দিন পর যুবকের লাশ উদ্ধার

২৫ অগাস্ট হেলাল নিখোঁজ হন বলে স্থানীয় ইউপি সদস্য খোকন খান জানান।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2022, 12:43 AM

Updated : 05 Sep 2022, 12:43 AM

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের ১১ দিন পর এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, রোববার রাত ৯টার দিকে মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা গ্রামে তার লাশ পাওয়া যায়।

নিহত হেলাল হোসেন (২৫) পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাউদখালী গ্রামের আব্দুল কাদের গাজীর ছেলে।

ধানীসাফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. খোকন খান জানান, হেলাল ধানীসাফা গ্রামে স্ত্রী সাজেদা বেগমকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন এবং ইলেক্ট্রনিক্স মেকানিক হিসেবে কাজ করতেন।

বিভিন্ন সময় স্ত্রীর সঙ্গে পারিবারিক নানা বিষয় নিয়ে ‘ঝগড়া-বিবাদ’ হতো জানিয়ে তিনি বলেন, “কিছুদিন আগেও হেলালের সঙ্গে স্ত্রীর টাকা নিয়ে ঝগড়া হয়। গত ২৫ অগাস্ট নিখোঁজ হন হেলাল।”

স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

তিনি বলেন, রাতে স্থানীরা তাকে জানান ধানীসাফা গ্রামের আলম বেপারীর বাড়ি পিছনের একটি ডোবার ভিতরে অর্ধগলিত অবস্থায় হেলালের লাশ পাওয়া গেছে। পরে তিনি বিষয়টি পুলিশকে আবহিত করেন।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, নিঁখোঁজের বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি করেনি নিহতের স্ত্রী। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।