২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

রাজাকারের তালিকা প্রণয়নের কাজ চলছে: মোজাম্মেল

“সাত শতাধিক গণকবর সংরক্ষণের প্রক্রিয়া চলছে।”

রাজাকারের তালিকা প্রণয়নের কাজ চলছে: মোজাম্মেল

ফেনীতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2023, 12:07 AM

Updated : 07 Jan 2023, 05:34 PM

সারাদেশে রাজাকারের তালিকা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, “আগে রাজাকারদের তালিকা তৈরির ক্ষেত্রে আইনগত বাধা ছিল। বর্তমানে জাতীয় সংসদে এ ব্যাপারে আইন পাস হয়েছে। রাজাকারের তালিকা প্রণয়নের কাজ চলছে।“

মন্ত্রী শুক্রবার ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসা নবম আন্তর্জাতিক ইসলামী সম্মেলনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

এ সময় তিনি আরও জানান, সারাদেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সাত শতাধিক গণকবর রয়েছে। তা সংরক্ষণের প্রক্রিয়া চলছে। আরও গণকবরের সন্ধান মিললে সেগুলোও সংরক্ষণের আওতায় আনা হবে। 

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আরও বলেন, “মুক্তিযোদ্ধা নয় এমন কেউ তালিকাতে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এতদিন পর্যন্ত যে ভাতা গ্রহণ করেছেন সেই ভাতা ফেরত নেওয়া হবে।”

“নতুন করে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে; এখন আপিলের কাজ চলছে। উপজেলা কমিটির কাছে কেউ যদি সুবিচার না পায় তাহলে কেন্দ্রীয়ভাবে আপিল করার সুযোগ রয়েছে।”

এর আগে মন্ত্রী নবম আন্তর্জাতিক ইসলামি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। তার বক্তব্যের পর জুমার নামাজে খুতবা দেন ও ইমামতি করেন পবিত্র মক্কা শরিফের মসজিদে রেফায়ির খতিব শায়েখ মুতাসিম বিল্লাহ রা’ফাত।

জুমার নামাজে ২০ হাজারেরও বেশি ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।