২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

লিবারেশন ডকফেস্ট বৃহস্পতিবার শুরু, দেখান হবে নির্বাচিত ১৮ প্রামাণ্যচিত্র

মুক্তিযুদ্ধ জাদুঘরে এই উৎসব চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 09:35 PM

Updated : 28 Oct 2026, 09:35 PM

মুক্তিযুদ্ধ জাদুঘর ও আলিয়াঁস ফ্রঁসেজ ঢাকার যৌথ আয়োজনে দেশ-বিদেশের নির্বাচিত ১৮টি প্রামাণ্যচিত্র নিয়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘১৩তম লিবারেশন ডকফেস্ট বাংলাদেশ’।

রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এই উৎসব, যা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।

আয়োজকরা এক বিজ্ঞপ্তিতে বলেছে, দেশ-বিদেশের মোট ১৮৮টি চলচ্চিত্র থেকে এসব প্রামাণ্যচিত্র বাছাই করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন থাকবেন নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ।

উদ্বোধনী দিন সন্ধ্যা ৬টায় দেখানো হবে দক্ষিণ কোরিয়ার তরুণ নির্মাতা নাম আরুমের ৯০ মিনিটের প্রামাণ্যচিত্র ‘কে-ফ্যামিলি অ্যাফেয়ার্স’। ব্যক্তিগত চিঠি ও রাজপথের আন্দোলনের পটভূমিতে নির্মিত এ চলচ্চিত্রে তারুণ্যের আদর্শবাদ ও জীবনের বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে।

উৎসবে শুক্রবার বিকেল ৪টা থেকে শুরু হবে চলচ্চিত্র প্রদর্শনী। ওই দিন প্রথম পর্বে প্রদর্শিত হবে যুক্তরাষ্ট্রের ৩৮ মিনিটের প্রামাণ্যচিত্র ‘পিবলকতো’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আনাস্তাসিয়া শুবিনা ও তিমোফেই গ্লিনিন। এছাড়া বাংলাদেশের দুটি চলচ্চিত্র 'দ্য টেস্ট অব হানি' (১৫ মিনিট) ও 'ক্রপস অব সলিডারিটি' (১১ মিনিট) প্রদর্শিত হবে।

বিকেল ৫টায় থেকে ফাহিম হামিদ পরিচালিত ৩৪ মিনিটের প্রামাণ্যচিত্র 'বেঙ্গল মেমোরি' এবং মোহাম্মদ রাকিবুল হাসান ও ফাবেহা পরিচালিত ‘ফরগেট-মি-নট’ প্রদর্শিত হবে।

সন্ধ্যা ৬টায় দেখানো হবে সন্দীপ কুমার মিস্ত্রি পরিচালিত ৭১ মিনিটের চলচ্চিত্র ‘বাসন্তি আ স্ট্রাগল ফর স্প্রিং’ ।

উৎসবের শেষ দিন শনিবার বিকাল ৪টা থেকে প্রদর্শিত হবে বেলজিয়াম ও সিরিয়ার প্রেক্ষাপটে নির্মিত ২০ মিনিটের চলচ্চিত্র ‘লোকাস কর্ডিস’। এটি পরিচালনা করেছেন আলহাসান ইউসেফ। এছাড়া দেখানো হবে স্পেনের ৩০ মিনিটের ‘লিটল সাহারা’, যেটি পরিচালনায় আছেন এমিলিও মার্তি লোপেজ এবং ইউক্রেনের ১২ মিনিটের ‘হাট’, পরিচালনায় কাটে তিউরি।

বিকাল ৫টা থেকে বিশেষ প্রদর্শনীতে থাকছে ৩ থেকে ৮ মিনিট দৈর্ঘ্যের ৯টি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র। এগুলোর মধ্যে রয়েছে 'এ পনি', 'ডিয়ার আর টু পাই', 'একশা', 'ইকুইটি', 'লাস্ট রে অব লাইট বিফোর ডাস্ক', 'রাহির মা', 'দ্য রিভার আন্ডার স্কিন', 'আনটাইটেলড' এবং 'হোয়ার হ্যাভ অল দ্য উইমেন গন?'।