মুক্তিযোদ্ধা ও শহীদের ‘সঠিক তালিকা’ তৈরির সুপারিশ সংসদীয় কমিটির
আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ঠিক করে পর্যায়ক্রমে বিদেশে চিকিৎসার ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
মুক্তিযুদ্ধে শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের ‘সঠিক ও প্রকৃত তালিকা’ তৈরি করে প্রতিবেদন দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করেছে এ বিষয়ক সংসদীয় কমিটি।
একই সঙ্গে আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ঠিক করে পর্যায়ক্রমে বিদেশে চিকিৎসার ব্যবস্থা নিতেও বলা হয়েছে।
জাতীয় সংসদ ভবনে সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ আসে। কমিটির সভাপতি মনিরুল হক চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ছয় মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নেওয়া গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এরপর মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরি করে প্রতিবেদন দেওয়ার সুপারিশ করা হয়।
এর আগে ২৯ এপ্রিল সংসদে এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছিলেন, মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়।
এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর বর্তমানে আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের কল্যাণ এবং পুনর্বাসনের কাজ করছে। সেপ্টেম্বরে অধিদপ্তরের দায়িত্ব বণ্টন নিয়েও মন্ত্রণালয় অফিস আদেশ জারি করেছে।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ সুবিধা পান, সে জন্যও ব্যবস্থা নিতে বলেছে কমিটি। মুক্তিযোদ্ধা সংসদ সচল রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শও এসেছে বৈঠক থেকে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযোদ্ধা সংসদ জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে। এ কারণে সংগঠনটি সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে কমিটি। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ‘সঠিক ইতিহাস’ তুলে ধরার ব্যবস্থা নিতে বলা হয়েছে। মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধারা যাতে প্রয়োজনীয় সম্মান পান, সে বিষয়েও মন্ত্রণালয়কে সচেষ্ট থাকার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।
বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, আব্দুল হান্নান এবং রোকেয়া বেগম অংশ নেন।
