কুষ্টিয়ায় কভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে ২ জনের মৃত্যু
দুর্ঘটনায় গুরুতর আহত নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু ও এক নারী গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের রাইটা-ভেড়ামারা সড়কের বাঁকাপুল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম।
নিহতরা হলেন- উপজেলার জুনিয়াদহ গ্রামের লাল বাবুর ছেলে খন্দকার রুহুল আমিন (৬০) এবং একই এলাকার তুষ্ট খাঁর ছেলে মজনু আলী (৫৫)। গুরুতর আহত হয়েছেন মজনুর স্ত্রী হাবিবা খাতুন (৪৫)।
হাবিবা খাতুনকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শরিফুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টার দিকে ভেড়ামারা থেকে রায়টাগামী একটি কভার্ডভ্যান বাঁকাপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভেড়ামারাগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
“খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মজনু ও রুহুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হাবিবাকে হাসপাতালে ভর্তি করা হয়।”
ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার পরে কভার্ড ভ্যান ও সিএনজির চালক বা হেলপারকে খুঁজে পাওয়া যায়নি।
